Martin Guptill: মার্টিন গাপটিলের বড় সিদ্ধান্ত, নিউজিল্যান্ড তারকা আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
Martin Guptill: নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিলের অবসর। ৩৮ বছরের এই বিধ্বংসী ব্যাটার জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর কথা।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক। ২০১৬ সালের পর টেস্ট দলে জায়গা না পেলেও ২০২২ সাল অবধি একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ড দলের অন্যতম স্তম্ভ হিসেবে চুটিয়ে খেলেছেন।

২০০৯ সালের জানুয়ারিতে প্রথম দেশের হয়ে ওডিআই খেলেন অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে। তার পরের মাসেই সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে অভিষেক। ওই বছরের মার্চে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হ্যামিলটনে। গাপটিলের শেষ টেস্টও ভারতের বিরুদ্ধে, ২০১৬ সালে ইন্দোরে।
২০২২ সালের সেপ্টেম্বরে কেয়ার্নসে অজিদের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছেন। ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে টি২০ আন্তর্জাতিক খেলার পর আর জাতীয় দলে জায়গা হয়নি। গাপটিলের অবসরের ফলে এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
গাপটিল ৪৭টি টেস্টে তিনটি শতরান ও ১৭টি অর্ধশতরান-সহ ২৫৮৬ রান করেছেন। ১৯৮টি ওডিআইয়ে তাঁর ৭৩৪৬ রান রয়েছে, ১৮টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি২০ আন্তর্জাতিকে ১২২ ম্যাচে ৩৫৩১ রান করেছেন, ২টি শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে।
ওডিআইয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে গাপটিল রয়েছেন রস টেলর ও স্টিফেন ফ্লেমিংয়ের পরেই। টি২০ আন্তর্জাতিকে কিউয়ি ব্যাটারদের মধ্যে তাঁর রানই সর্বাধিক। সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে।
নিউজিল্যান্ডের প্রথম ব্য়াটার হিসেবে ওডিআই অভিষেকে শতরানের কীর্তি রয়েছে গাপটিলের। একদিনের আন্তর্জাতিকে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে গাপটিল (২৩৭ অপরাজিত) রয়েছেন রোহিত শর্মার পরেই। ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তিনি অপরাজিত ছিলেন ২৩৭ রানে।
গাপটিলের এই ইনিংস বিশ্বকাপের ইতিহাসে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড। নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের এটিই প্রথম ওডিআই দ্বিশতরান। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখেও রোহিতের (২০৫) পরেই রয়েছেন গাপটিল (১৭৩)।
গাপটিল বিবৃতিতে জানিয়েছেন, দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। নিউজিল্যান্ডের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি ভাগ্যবান, গর্বিত। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপন করেছেন।
মার্টিন গাপটিল আইপিএলের পাশাপাশি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগেও। ২০১৬ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাব ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অংশ নিয়েছেন। আইপিএলে তাঁর ১টি অর্ধশতরান রয়েছে।












Click it and Unblock the Notifications