Manoj Tiwary Exclusive: চাহালের পক্ষে সওয়াল মনোজের, ভারতীয় দলে খামতি কোথায়? বিশ্লেষণে বঙ্গ অধিনায়ক
সোমবার ঘোষিত হয়েছে এশিয়া কাপের দল। চাহালকে দলে না রাখা নিয়ে বিতর্ক চরমে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বাংলার অধি্নায়ক মনোজ তিওয়ারিও। দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
এশিয়া কাপের দল নিয়ে বিশ্লেষণে মনোজ বলেন, 'আমি মনে করি আরও একজন রিস্ট স্পিনার দরকার ছিল। পাশাপাশি অর্শদীপ সিংকে দলে রাখলে ভালো হত। এতে পেস অ্যাটাকে বৈচিত্র বাড়ত। কারণ ভারতীয় দলে প্রত্যেকই রাইট আর্ম পেসার। ফলে লেফট আর্ম থাকলে আমার মনে হয় দলের পেস আক্রমণ আরও শক্তিশালী হতে পারত।'

একইসঙ্গে মনোজ উল্লেখ করেন, 'যদি বিশ্বের প্রথম সারির দল গুলিতে একটা বাঁ হাতি স্ট্রাইক বোলার থাকে। পাকিস্তানে শাহীন শাহ আফ্রিদি, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। প্রত্যেক দলেই এই বাঁ হাতি বোলাররা এরা প্রথমে এসেই একটা উইকেট নেয়।’
চাহালকে বাইরে রাখার প্রসঙ্গে রোহিত জানিয়েছিলেন আগামী ২ মাস পেসারদের অনেক বেশি দরকার ভারতীয় দলে। যদিও ভারত অধিনায়কের সঙ্গে একমত নন মনোজ।
তাঁর কথায়, 'খেলোয়াড়রা তো ভবিষ্যতের কথা বলতে পারেন না। ক্যাপ্টেনের উচিত সব অস্ত্র মজুত রাখা। কখন কাকে কাজে লাগবে সেটা আগাম বলা যায় না। আমার মতে কুলদীপ ঠিক আছে তবে এই দলে চাহাল বা রবি বিষ্ণোই এর মধ্যে একজনকে নিলে দল আরও শক্তিশালী হত। সব সময় পিচে টার্ন থাকবে না। কিন্তু স্পিনারদের নেওয়া হয় খেলার গতিটাকে স্লো করে দেওয়ার জন্য।'

প্রত্যাবর্তনের সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ এবং জসপ্রীত বুমরাহ ভালো বোলিং করলেও তাঁদের আসল পরীক্ষা যে হবে এশিয়া কাপে তা জানাতে ভুল করলেন না বঙ্গ অধিনায়ক।
মনোজের কথায়, 'শক্তির বিচারে আয়ারল্যান্ড খুব একটা কঠিন দল নয়। তার উপর পরিবেশ পরিস্থিতিও অনুকূলে ছিল ফলে বুমরাহ বা প্রসিদ্ধের খুব বেশি কঠিন পরীক্ষা হল না। অবশ্যই ওরা একটা ছন্দ পেয়ে গেল। কিন্তু ওদের আসল পরীক্ষা হবে এশিয়া কাপে, যেখানে পাটা উইকেট থাকবে। কঠিন দল গুলির বিরুদ্ধে খেলতে হবে।'
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলে চর্চার চার নম্বর স্থান। এবারও এশি্য়া কাপ বা বিশ্বকাপের ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান কে হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এই প্রসঙ্গে মনোজের বক্তব্য, 'কোচ এবং অধিনায়ক ভেবেই রেখেছে চার নম্বরে শ্রেয়স আইয়ারকে খেলাবে। তাই চোট থেকে সরাসরি তাঁকে এশিয়া কাপের দলে সুযোগ দেওয়া হয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনে আরও একটা কথা শুনলাম এশিয়া কাপের দলকেই মূলত বিশ্বকাপে খেলানো হবে। ফলে ধরে নেওয়া যেতেই পারে শ্রেয়সই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছে। ও ভালো ব্যাটসম্যান। আশা করি ভালোই খেলবে।'

তবে এখনই বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টকে বেছে নিতে নারাজ মনোজ। কয়েকটি ম্যাচ দেখার পরই এই বিষয়ে মন্তব্য করতে চান বঙ্গ অধিনায়ক। অন্যদিকে অবসর ভেঙে আবার ফিরে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে ১০ হাজার রান থেকে ৯২ রান দূরে ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রিকেটার জীবনে শেষ মরসুমে সেই মাইলস্টোন পূরণ করাই লক্ষ্য। পাশাপাশি বাংলার হয়ে অধরা রঞ্জি জয়ের স্বপ্নটা বেলাশেষে সত্যি করতে চাইছেন মনোজ।












Click it and Unblock the Notifications