IND-W vs WI-W: মান্ধানার লড়াই ব্যর্থ, হরমনপ্রীত-হীন ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
IND-W vs WI-W: হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতকে ৯ উইকেটে হারিয়ে টি২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় এলো ২৬ বল বাকি থাকতেই।
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। হরমনপ্রীত চোটের কারণে খেলতে না পারায় ভারতকে নেতৃত্ব দিলেন স্মৃতি মান্ধানা। তাঁর দাবি, ভারতীয় ইনিংসের ৭-৮ ওভারের পর থেকেই কন্ডিশন পুরো বদলে যায়।

নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ পরিকল্পনামাফিক শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল বলে জানান মান্ধানা। ভারত ৯ উইকেটে ১৫৯ রান তোলে। ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬২ রান করেন মান্ধানা। অপর ওপেনার উমা ছেত্রী ৪ রানের বেশি করতে পারেননি।
জেমাইমা রডরিগেজ ১৩, রাঘবি বিস্ত ৫, দীপ্তি শর্মা ১৭, সজীবন সাজনা ২, রাধা যাদব ৭, সাইমা ঠাকোর ৬ রান করেন। রিচা ঘোষ ১৭ বলে ৩২ রান করেন। মেরেছেন ৬টি চার। তিতাস সাধু ১ বলে ১ ও রেণুকা সিং ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
চিনেল হেনরি, ডিয়ান্ড্রা ডটিন, অধিনায়ক হেইলি ম্যাথুজ, অ্যাফি ফ্লেচাররা ২টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭টি চারের সাহায্যে ৪৭ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ। তিনিই ম্যাচের সেরা।
কিয়ানা জোসেফ ২২ বলে ৩৮ রান করেন। ২৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেমেইন ক্যাম্পবেল। সাইমা ঠাকোর ৩ ওভারে ২৮ রান দিয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন। ম্যাচের শেষে মান্ধানা বলেন, আমাদের পরিকল্পনার প্রয়োগ আরও ভালো হতে পারতো। ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাটিং করেছে।
মান্ধানা অবশ্য শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, কাল দল বিশ্রামে থাকবে। এরপর অনুশীলনে নেমে ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে অনুশীলন চলবে। বল শিশিরে ভিজে গেলে কীভাবে বল করতে হবে, কোথায় বল ফেললে ভালো হবে সেটাই ঠিক করা হবে।
আর ১০ থেকে ১৫ রান বেশি থাকলে জেতা যেত বলে বিশ্বাস মান্ধানার। তিনি প্রশংসা করলেন রিচা ঘোষের। নিজেও আর কিছুক্ষণ ক্রিজে কাটাতে না পেরে হতাশ মান্ধানা। শিশির পড়তে শুরু করলে দল যেভাবে ফিল্ডিং করছে তাতেও উন্নতি চান তিনি। বৃহস্পতিবার সিরিজের শেষ তৃতীয় টি২০ আন্তর্জাতিক।












Click it and Unblock the Notifications