লর্ডসের হার থেকে ঘুরে দাঁড়িয়ে লিডসে কোথায় কোথায় বিরাট বাহিনীকে টেক্কা ইংল্যান্ডের
লর্ডসের হার থেকে ঘুরে দাঁড়িয়ে লিডসে কোথায় কোথায় বিরাট কোহলি বাহিনীকে টেক্কা ইংল্যান্ডের
লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্ট হেরে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জো রুটরা। সেই প্রতিশ্রুতি পালন করল ইংল্যান্ড ক্রিকেট দল। তৃতীয় টেস্ট বিরাট কোহলিদের হারিয়ে ঘরের মাঠে সিরিজে সমতা ফেরাল ব্রিটিশ শিবির। অন্যদিকে লিডস টেস্ট জিতে সিরিজ কব্জা করার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ ছিল ভারতীয় ক্রিকেট দলের সামনে। সে সুযোগ হাতছাড়া করেছে সফরকারী দল। ইনিংসে পরাজয় হজম করতে হয়েছে বিরাট কোহলিদের। ম্যাচে ঠিক কোথায় কোথায় ইংল্যান্ডের থেকে পিছিয়ে গেল টিম ইন্ডিয়া, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়
লিডসের নরম উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। ম্যাচের প্রথম সেশনেই তীব্র ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। মাত্র্র ৭৮ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছিল অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। ৭ রান করে আউট হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই মুহুর্তে ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে চলে যায় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও লিডসে টসে জিতে আগে ব্যাটিং করে তিনি কোনও ভুল করেননি বলে ম্যাচ শেষে জানিয়েছেন কোহলি।

ভারতীয় বোলারদের সংঘর্ষ
লিডসের যে পিচে প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হয় ভারত, সেই বাইশ গজে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করতে কালঘাম ছুটে যায় জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মাদের। লর্ডসে ব্যর্থ হওয়া ররি বার্নস, হাসিব হামেদ লিডসে দুর্দান্ত অর্ধশতরান করেন। তাঁদের ওপেনিং জুটি থেকে ১৩৫ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ম্যাচ থেকে আরও খানিকটা হারিয়ে যায় ভারত। অন্যদিকে শক্ত ভিতের ওপর জো রুটের শতরান ও ডেভিড মালানের অর্ধশতরান ইংল্যান্ডকে জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে দেয়। মহম্মদ শামি (৪ উইকেট) ছাড়া ইংল্যান্ড ব্যাটসম্যানদের ওপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি কোনও ভারতীয় বোলার।

লর্ডস টেস্টের উল্টো ছবি
লর্ডসে যে আগ্রাসনে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতেছিল ভারত, সেই ভঙ্গি লিডসে দেখা যায়নি। প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হওয়ার পরেই ভারতীয় ক্রিকেটারদের শরীরি ভাষায় আমুল পরিবর্তন আসে। কিছুটা হলেও হতাশা গ্রাস করে ভারতীয় শিবিরকে। যার প্রভাব ফিল্ডিংয়ে অল্প বিস্তর পড়ে। মাঠে ক্ষিপ্রতার অভাব পরিলক্ষিত হয়। তৃতীয় দিনে তবু রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির ব্যাটে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু চতুর্থ দিনের ব্যাটিং ব্যর্থতা বিরাট কোহলি শিবিরের ভরাডুবির কারণ হল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৬৩ রানে ৮ উইকেট হারায় টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বোলারদের দাপট
ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে ৭৮ রানে অল আউট করে দেওয়া ইংল্যান্ডের বোলাররা, চতুর্থ দিনে ফের জ্বলে ওঠে। অলি রবিনসনের পারফরম্যান্সে ছারখার হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রবিনসনকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ক্রেইগ ওভারটন। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও মইন আলি।












Click it and Unblock the Notifications