ICC T20 WC: টি ২০ বিশ্বকাপের জন্য সেরা দলই ঘোষণা বাংলাদেশের, মাহমুদুল্লাহ-র দলে কারা আছেন?
আগামী মাসে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের জন্য আজ বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের বিশ্বকাপের দলে অবশ্য বড় চমক কিছুই নেই। জিম্বাবোয়ে সফর এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়ে চূড়ান্ত দল বেছে নেওয়া হয়েছে।

তামিম ইকবাল আগেই সরিয়ে দাঁড়িয়েছিলেন টি ২০ বিশ্বকাপের দল থেকে। ১৫ সদস্যের ঘোষিত দলে রাখা হয়নি তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেনকে। যদিও তাঁরাও বাংলাদেশের টি ২০ দলে নিয়মিত নন বেশ কয়েক মাস ধরেই। রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন রুবেল হোসেন, আমিনুল ইসলাম। বাংলাদেশ টি ২০ দলে তামিম নিয়মিত তিন ওপেনারের মধ্যে কারও জায়গা নিতে চাননি বলেই সরে দাঁড়িয়েছিলেন। সেই তিন ওপেনারকেই দলে রাখা হয়েছে, তাঁরা হলেন মহম্মদ নঈম, সৌম্য সরকার ও লিটন দাস। বাংলাদেশের দলে রয়েছেন আটজন ব্যাটসম্যান, দুজন অলরাউন্ডার, চারজন বিশেষজ্ঞ জোরে বোলার এবং একজন বিশেষজ্ঞ স্পিনার।

টানা তিনটি দেশের বিরুদ্ধে একের পর এক সিরিজ জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। সেই ধারাবাহিকতাকে প্রাধান্য দিয়েই যে দল বেছে নেওয়া হয়েছে তা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তবে যে ধরনের পিচে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করেছে তাতে অন্য ধরনের পিচে এই সাফল্যের আত্মবিশ্বাস ধাক্কা খাবে কিনা সে ব্যাপারেও অনেক প্রাক্তনই সংশয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধারণা, অভিজ্ঞ কোচেদের প্রশিক্ষণে টি ২০ বিশ্বকাপে বেঙ্গল টাইগাররা ভালো পারফরম্যান্সই উপহার দেবেন। তবে বাংলাদেশের নির্বাচক প্রধানের দাবি, তাঁরা তামিমকে রেখেই দল সাজাচ্ছিলেন। কিন্তু তিনি সরে দাঁড়ানোয় নিশ্চিতভাবেই বাংলাদেশ শিবির তামিমকে মিস করবে। তামিমের অভাব পূরণে নঈম, লিটন ও সৌম্য সরকারের দক্ষতার উপরই আস্থা রাখল বিসিবি।

পরপর সিরিজ জয় যেমন বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে তেমনই দেশের মাটিতে স্পিন সহায়ক পিচে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাতে পড়তে হয়েছিল। সর্বোপরি, সুপার টুয়েলভে উঠতে বাংলাদেশকে প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে হবে ওমানে যেখানে আগে কখনও খেলেনি বাংলাদেশ। আবেদিন নিশ্চিত, ওমানে পৌঁছে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁদের রণকৌশল ঠিক করবেন। বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠা নিয়ে অবশ্য কোনও সংশয় নেই। কেন না, প্রথম রাউন্ডে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের বাকি দলগুলি হল স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান।
ICC @T20WorldCup 2021
— Bangladesh Cricket (@BCBtigers) September 9, 2021
Bangladesh Squad#BCB pic.twitter.com/iMTeyoM5sD
টি ২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত দল- মাহমুদুল্লাহ (অধিনায়ক), মহম্মগ নঈম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাস্কিন আহমেদ, মহম্মদ সৈফুদ্দিন ও শামিম হোসেন।












Click it and Unblock the Notifications