আইপিএল নিলামের আগে হ্যাটট্রিক বিসিসিআই কোষাধ্যক্ষের! গড় অটুট রেখে রেকর্ড জয় আশিসের
Maharashtra Assembly Election 2024: পারথ টেস্টের রাশ হাতে নিয়েছে ভারত। কাল আবার আইপিএল নিলাম শুরু। তার আগে বিসিসিআইয়েও পড়ল মহারাষ্ট্র নির্বাচনের প্রভাব!
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস সেলার আইপিএল নিলামের ঠিক আগে সেরে নিলেন জয়ের হ্যাটট্রিক। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বান্দ্রা পশ্চিম আসন থেকে।

মহারাষ্ট্রের রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছে মহায়ুতি। দারুণ ফল করেছে বিজেপি। সেই বিজেপির টিকিটেই তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হলেন বিশিষ্ট আইনজীবী আশিস শেলার। তিনি বান্দ্রা পশ্চিম আসনে নিজের দুর্গ অটুট রাখলেন।
এই আসনে ২০ রাউন্ডের গণনার শেষে ১৯,৯৩১ ভোটে জয়লাভ করেছেন শেলার। দ্বিতীয় স্থানে কংগ্রেসের আসিফ আহমেদ জাকারিয়া। বিজেপি এই আসনে পেল ৫৫.৫১ শতাং ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪২.১৪ শতাংশ ভোট।
আশিস শেলার এবার পেয়েছেন ৯২,৭৮০টি ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ৬২,৮৪৯। এই আসনে বিজেপির ভোট কিছুটা কমেছে ২০১৯ সালের তুলনায়। কিন্তু তাতে শেলারের বিধানসভা ভোটে জয়ের হ্য়াটট্রিক আটকায়নি।
২০১৪ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম আসনটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তারপর থেকে এই আসনটি বিজেপির হাতছাড়া হয়নি। ২০১৪ সালে শেলার হারিয়েছিলেন কংগ্রেসের বাবা সিদ্দিকীকে, যিনি সম্প্রতি দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন।
২০১৪ সালের নির্বাচনে শেলারের জয়ের ব্যবধান ছিল ২৬,৯১১। সেবার বিজেপি পেয়েছিল ৫০.৯৩ শতাংশ ভোট, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩২.৬০ শতাংশ ভোট। শেলার ভোট পেয়েছিলেন ৭৪,৭৭৯, বাবা সিদ্দিকী পান ৪৭,৮৬৮টি ভোট।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে আশিস শেলারের জয়ের মার্জিন সামান্য কমেছিল। সেবার তিনি হারান কংগ্রেসের আসিফ জাকারিয়াকে। শেলার পান ৭৪,৮১৬টি ভোট, জাকারিয়া পান ৪৮,৩০৯টি ভোট। বিজেপি পেয়েছিল ৫৭.১১ শতাংশ ভোট, কংগ্রেস পায় ৩৬.৮৮ শতাংশ ভোট।
২০১৪ সালের তুলনায় বিজেপির ভোট বেড়েছিল ৬.১৮ শতাংশ, কংগ্রেসের বাড়ে ৪.২২ শতাংশ। এবারের বিধানভা নির্বাচনে কংংগ্রেসের ভোট শতাংশ বেড়েছে, বিজেপির কমেছে কিছুটা। কিন্তু আইপিএল নিলামের আগের দিন বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক নিশ্চিতভাবেই স্বস্তি দেবে আশিস শেলারকে।
আশিস শেলার মহারাষ্ট্র বিধানসভায় মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন। তিনি আবার মুম্বইয়ের বিজেপি সভাপতি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। আশিস প্রয়াত শিবসেনা নেতা সীতারাম দলভির জামাই। মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রীও ছিলেন। মারাঠি ফিল্ম জগতের পাশাপাশি বলিউডের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে শেলারের। ক্রিকেটের পাশাপাশি সাংস্কৃতিক জগতের ঘনিষ্ঠ আশিস। তাঁর প্রচারের শেষদিনে সংস্কৃতি জগতের অনেককেই দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications