চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের উচ্ছ্বাসকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রদেশের মহো, পুলিশি তৎপরতায় থামল লড়াই
বহু প্রতীক্ষার পর রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে টিম ইন্ডিয়া। জয়টা যে সহজ ছিল তা একেবারেই নয়, রীতিমত নিউজিল্যান্ডের কাছ থেকে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। স্বাভাবিক ভাবেই সেই উচ্ছ্বাসটা যে বেশিই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
দুবাইয়ে খেলা হলেও, সেই খেলার উত্তাপ ভারতের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। খেলা শেষ হতেই, রাতেই পাড়ায় পাড়ায় জয়ের উচ্ছ্বাসা প্রকাশ করে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ। বাজি ফাটিয়ে, রোশনাইয়ে রীতিমত অকাল দিওয়ালি পালন করে গোটা দেশ। তবে এমন আনন্দের মধ্যেও ঘটেছে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা।

মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে মহো শহরে রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় উদযাপনকে কেন্দ্র করে হিংসা সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, উদযাপন সমাবেশ চলাকালে এক দল পাথর ছোড়ে, যার ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। কিছু মোটরসাইকেলে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়।
তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি বেশি জোরাল হওয়ার আগেই থামানো সম্ভব হয়। ইন্দোরের জেলা কালেক্টর আশীষ সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, "পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে"।
ইন্দোর গ্রামীণ পুলিশ সুপার হিতিকা ওয়াসাল ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ বিষয় পর্যালোচনা করেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নিমীশ আগরওয়াল জানান, দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
কীভাবে সংঘর্ষের সূত্রপাত?
প্রত্যক্ষদর্শীদের মতে, ক্রিকেটপ্রেমীরা চ্যাম্পিয়ন্স ট্রফির জয় উদযাপনে একটি শোভাযাত্রা বের করেছিল। সমাবেশটি জামা মসজিদ এলাকায় পৌঁছানোর পর কিছু মানুষ পাথর ছোড়া শুরু করে। আতঙ্কে অনেক অংশগ্রহণকারী তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আর তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন এখন ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং শান্তি বজায় রাখতে এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে।












Click it and Unblock the Notifications