ভারতীয় ক্রিকেটে ডোপিংয়ের ছায়া, ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল বিসিসিআই
ভারতীয় ক্রিকেটে এবার ডোপিংয়ের ছায়া। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে চার বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার অংশুলা রাও। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অধীনে আসার বিষয়ে বোর্ড সম্মতি জানানোর পর এই প্রথম কোনও ক্রিকেটার ডোপ টেস্টে ব্যর্থ হলেন।

গত বছরের মার্চ মাসে ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন অংশুলা। চার বছরের নির্বাসন শুরুর সময় তাই ধরা হয়েছে গত বছরের জুলাই থেকে। মধ্যপ্রদেশের সিনিয়র মহিলা দলের হয়ে অবশ্য খেলেননি অনূর্ধ্ব ২৩ এই ক্রিকেটার। ২০১৯ সালে বিসিসিআই নাডার অধীনে আসার বিষয়ে সম্মত হয়েছিল। জানা গিয়েছে, নিজের পারফরম্যান্সকে উন্নত করার লক্ষ্যে যে স্টেরয়েড নিয়েছিলেন তা বিশ্বের অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী সব ক্রীড়াবিদের জন্য নিষিদ্ধ। গত মাসে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের সামনে নিজের সপক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল রাওকে। কিন্তু অজ্ঞাতসারে ওই নিষিদ্ধ স্টেরয়েড সেবন করেছিলেন, এ বিষয়ে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি দিতে পারেননি।
২০১৯-২০ মরশুমে মহিলাদের অনূর্ধ্ব ২৩ টি ২০ ট্রফিতে অংশুলা রাও শেষবার মধ্যপ্রদেশের হয়ে খেলতে নেমেছিলেন। বয়সভিত্তিক দলগুলিতে নিয়মিত খেললেও সিনিয়র টিমে সুযোগের আগেই শাস্তির কোপে পড়লেন তিনি। করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার আগে মধ্যপ্রদেশের হয়ে নিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ওপেন করেছিলেন তিনি। নিজের নমুনার রিপোর্টকে চ্যালেঞ্জ জানাতে বিদেশে পরীক্ষার জন্য বি নমুনা পাঠানোর জন্য আর্থিক প্রতিবন্ধকতার মুখেও পড়তে হয় রাওকে। এরপর গত মাসে তিনি এডিডিপি-র শুনানির মুখে পড়েন। জানা গিয়েছে, রাও নির্বাসনে থাকাকালীন তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করে পাশে দাঁড়াবে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।












Click it and Unblock the Notifications