ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভাইরাল 'মারো মুঝে মারো'-খ্যাত মোমিন শাকিবের নতুন বার্তা
রবিবাসরীয় সন্ধ্যায় টি ২০ বিশ্বকাপের বড় ম্যাচ। ভারত-পাকিস্তান সুপার টুয়েলভ ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব। ভারতের কাছে পাকিস্তান হারলেই সে দেশে টিভি ভাঙার পর্ব শুরু হয়ে যায়। ম্যাচের আগে হুঙ্কার দেওয়া পাক সমর্থকরা টিভি চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ায় কেঁদে ভাসান। ভারতের কাছে হেরে দেশে ফেরা নিয়েও চিন্তায় থাকেন পাক ক্রিকেটাররা। ভারতের মতো পাকিস্তানের সমর্থকদেরও এই ম্যাচ নিয়ে আবেগ-উন্মাদনা থাকে চরমে।

এমনই এক পাক ক্রিকেট ভক্ত মোমিন শাকিব। নামে তাঁকে অনেকে মনে করতে না পারলেও তাঁর ভিডিওর কথা বললেই চিনতে সহজ হবে। ও ভাই, মারো মুঝে মারো বলে গুগল বা ইউটিউবে সার্চ করলেই দেখা যাবে মোমিন শাকিবের সেই ভিডিও। যা নিয়ে ২০১৯ সাল থেকে নানা মিম তৈরি হয়েছে। ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর একটি টিভি চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁর এই উক্তি এবং পাশে দাঁড়ানো লোকেদের হাত ধরে নিজের গালে নিজেই থাপ্পড় খাওয়ার ব্যবস্থা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেই মোমিন শাকিব ফের অপেক্ষায় রবিবারের মহা-ম্যাচের জন্য।
নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে ফের আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তাঁর কাছে এই ম্যাচের কতটা গুরুত্ব সেটা মোমিন বোঝানোর চেষ্টা চালিয়েছেন। তিনি বলেছেন, দুটোই তো ম্যাচ রয়েছে। একটা ভারত-পাকিস্তান ম্যাচ, আরেকটি লগান ছবিতে আমির খানের ম্যাচটি! ২০১৯ সালের ভারত-পাকিস্তান ম্যাচ এই তো মনে হয় যেন গতকালই শেষ হয়েছে! যদিও পরিসংখ্যান মোমিনকে মোটেই আশ্বস্ত করার মতো নয়। কেন না, ৫০ ওভারেরই হোক বা টি ২০ বিশ্বকাপ, কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আইসিসি ইভেন্টের মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। এবার পাকিস্তান জিতলে কীভাবে সেলিব্রেট করবেন তারও মহড়া দিয়ে রেখেছেন শাকিব।
টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত দুটিতেই জয় পেয়েছে। হারিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ওভারে হেরেছে অবিশ্বাস্যভাবে। তবে গতকালের হাই স্কোরিং ম্যাচ জিততেও পারত পাকিস্তান। টি ২০ এমন একটি ফরম্যাট যেখানে যে কোনও দিন কোনও একজন ক্রিকেটারও ফারাক গড়ে দিতে পারেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করায় পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ক্রিকেটারদের উদ্দেশে বলেছেন, এমনভাবে নিজেদের খেলাকে উন্নত করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে যাতে সব দল পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য লাইন লাগায়। টি ২০ বিশ্বকাপের আসরকেই সেই মঞ্চ হিসেবে ব্যবহারের জন্য আহ্বান জানান রামিজ। কাশ্মীরের হিংসার ঘটনায় ভারত-পাক ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানো উচিত বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। বিসিসিআই আইসিসিকে আগে থেকেই এই ম্যাচ খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। ফলে এখন সরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েও সোশ্যাল মিডিয়ায় রাজীব শুক্লা ও বিসিসিআই কর্তারা সমর্থকদের রোষের মুখে পড়েছেন। এমন কথাও অনেকে বলছেন, মানুষের জীবনের চেয়ে ক্রিকেট খেলার কথার দাম বেশি! ফলে ভারতও চাইছে ক্রিকেট মাঠে পাকিস্তানকে সমুচিত জবাব দিতে। পাকিস্তানও মরিয়া। সবমিলিয়ে হাইভোল্টেজ ম্যাচের পটভূমি ইতিমধ্যেই তৈরি।












Click it and Unblock the Notifications