Nathan Lyon: টেস্টে ৫০০ উইকেট-শিকারীদের তালিকায় লিয়ঁ, পাকিস্তানকে ৮৯ রানে গুটিয়ে বিরাট জয় অস্ট্রেলিয়ার
Nathan Lyon: বিশ্বের অষ্টম বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেটশিকারী হলেন নাথান লিয়ঁ। পারথ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি দুটি উইকেট পেয়েছেন। যার ফলে অজি স্পিনারের উইকেট-সংখ্যা আপাতত ৫০১।
জয়ের জন্য পাকিস্তানের সামনে ৪৫০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া। যদিও মাত্র ৮৯ রানেই গুটিয়ে গিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া তিন তিন টেস্টের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

পারথ টেস্টে পঞ্চম দিনে গড়াল না। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮৭ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৭১ রানে। গতকাল টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৮৪। ৫ উইকেটে ২৩৩ রান তুলে অজিরা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। উসমান খোয়াজা ১৯০ বলে ৯০ রান করে আউট হতেই।
স্টিভ স্মিথ ৪৫, ট্রাভিস হেড ১৪ রান করেন। মিচেল মার্শ ৬৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। খুররাম শাহজাদ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি ও আমির জামাল একটি করে উইকেট নেন। ৪৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩০.২ ওভারে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৮৯ রানে। শেষ সাত উইকেট পড়ে ৪১ রানের মধ্যে।
অস্ট্রেলিয়া পারথ টেস্ট জিতল ৩৬০ রানে। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তিনটি করে উইকেট নিয়েছেন। প্যাট কামিন্সের ঝুলিতে গিয়েছে ১টি উইকেট। ২টি মেডেন-সহ ৮ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট নাথান লিয়ঁর। ২৮তম ওভারের প্রথম ও পঞ্চম বলে যথাক্রমে ফাহিম আশরফ ও আমির জামালকে সাজঘরে ফেরান অজি স্পিনার।
আশরফ হলেন লিয়ঁর ৫০০তম টেস্ট শিকার। টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট মুথাইয়া মুরলীধরনের। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্নের ৭০৮টি টেস্ট উইকেট রয়েছে। জেমস অ্যান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)-এর পরেই আপাতত রয়েছেন লিয়ঁ। ম্যাচের সেরা হলেন মিচেল মার্শ। দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু ২৬ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications