IPL 2023: মোহালিতে ঝড় তুলে রেকর্ড রান লখনউয়ের, হাফ সেঞ্চুরি স্টইনিস-মেয়ার্সের
আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দিল লখনউ সুপার জায়ান্টস। যা এবারের আইপিএলে সর্বাধিক। দুরন্ত অর্ধশতরান কাইল মেয়ার্স ও মার্কাস স্টইনিসের। শিখরের দলের হয়ে ২ উইকেট কাগিসো রাবাডার।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। ৭.৪ ওভারে লখনউ ১০০ রান তুলে ফেলে। ২০০ রান আসে ১৫.৫ ওভারে। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৭৪।

লখনউয়ের ওপেনিং জুটি ভাঙে ৩.২ ওভারে, ৪১ রানের মাথায়। একটি করে চার ও ছয়ের সাহায্যে ৯ বলে ১২ রানে আউট হন অধিনায়ক লোকেশ রাহুল। রাহুলের উইকেটটি তুলে নেন রাবাডা। ৪.২ ওভারে ৫০ রান পূর্ণ হয়েছিল। ৫.৫ ওভারে ৭৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন ওপেনার কাইল মেয়ার্স। তিনি সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন। তাঁকেও ফেরান রাবাডা। ১৩.৩ ওভারে ১৬৩ রানে লখনউ সুপার জায়ান্টস তৃতীয় উইকেট হারায়। তিনটি করে চার ও ছয়ের সাহায্যে আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি লিয়াম লিভিংস্টোনের শিকার।
এরপর ঝোড়োগতিতে রান তুলতে থাকেন মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরাণ। তাঁরা চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান যোগ করতে নেন ২২ বল। স্টইনিস ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। মাঝের ওভার অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে লখনউ ১টি উইকেট খুইয়ে তোলে ১১০ রান।

ত্রয়োদশ ওভারে স্টইনিস জীবন পান। রাহুল চাহারের বলে বড় শট নিতে যান স্টইনিস। লিয়াম লিভিংস্টোন ক্যাচ ধরলেও দেখা যায় তাঁর পা বাউন্ডারির দড়িতে লেগেছে। এই শট নেওয়ার আগে স্টইনিস ব্যাট করছিলেন ৩৮ রানে। ১৮.২ ওভারে স্টইনিসকে ফেরান স্যাম কারান। ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭২ রান করে তিনি আউট হন দলের ২৩৯ রানে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার ২৫০ রান করল কোনও দল। ১৯.২ ওভারে এই মাইলস্টোন স্পর্শ করে লোকেশ রাহুলের দল। ২০১৩ সালে বেঙ্গালুরুতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে ২৬৩ তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ জিতেছিল ১৩০ রানে। শেষ পাঁচ ওভারে ২ উইকেট খুইয়ে ৭৩ রান তোলে লখনউ।

আইপিএলে দলগত সর্বাধিক রানের নিরিখে দ্বিতীয় স্থানে রইল লখনউ। নিকোলাস পুরান ১৯ বলে ৪৫ রান করে আউট হন। তিনি সাতটি চার ও একটি ছয় হাঁকিয়েছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন দীপক হুডা। ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন ক্রুণাল পাণ্ডিয়া। কাগিসো রাবাডা ৪ ওভারে ৫২ রানে দুই উইকেট নেন।
অর্শদীপ সিং ৪ ওভারে ৫৪, স্যাম কারান ৩ ওভারে ৩৮ ও লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ১৯ একটি করে উইকেট নেন। অভিষেক ম্যাচে গুরনুর ব্রার বোলিং ওপেন করে ৩ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি। তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় প্রভসিমরণ সিংকে। সিকান্দর রাজা ১ ওভারে ১৭ ও রাহুল চাহার ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেট পাননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications