Sourav Ganguly's Birthday: মহারাজকীয় রেকর্ড, খেলা ছাড়ার ১৪ বছর পরও অক্ষত সৌরভের নজিরগুলি
১৯৯৬ সালে জুন মাসের এক মেঘলা দিনে লর্ডসের মাঠে ব্যাট নিয়ে নেমেছিলেন এক বঙ্গ সন্তান। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়ে বোর্ড প্রশাসক ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায় রচনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ বছর ভারতীয় দলের জার্সিতে খেলেছেন। পাঁচ বছরের বেশি সময় অধিনায়কত্ব করেছেন। ৫২তম জন্মদিনে ক্রিকেটার এবং অধিনায়ক সৌরভের রেকর্ডগুলি আরও একবার ফিরে দেখা যাক।
একদিনের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর এখনও সৌরভেরই দখলে। ১৯৯৯ সালে ইংল্যান্ডের টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ১৮৩ রানে ইনিংস খেলেছিলেন সৌরভ। এটাই এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারের একদিনের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান। একদিনের ক্রিকেটে টানা চার ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড সৌরভের দখলে। ১৯৯৭ সালে টরেন্টোতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে পর পর চারটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন সৌরভ। এই রেকর্ড এখনও অক্ষত ক্রিকেট বিশ্বে।

সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি গড়ে একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করেন সৌরভ। সচিন -সৌরভের ওপেনিং জুটি একদিনের ক্রিকেটে একটা ইতিহাস সৃষ্টি করেছে। ১৭৬ ইনিংসে এই জুটি রান করেছে ৮২২৭। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ শতরান(৩টি) করার নজির রয়েছে সৌরভের।
ভারতীয় বাঁ হাতি ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করার নজির সৌরভের দখলে।
২০০৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান করেন সৌরভ। এটাই টেস্টে কোনও ভারতীয় বাঁ-হাতি ব্যাটারের সর্বোচ্চ রান। সৌরভই একমাত্র ভারত অধিনায়ক যিনি পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন। ২০০৪ সালে তাঁর অধিনায়কত্বেই পাকিস্তানের মাটিতে ভারতীয় দল টেস্টে সিরিজে ২-১ ফলে জয় পায়।












Click it and Unblock the Notifications