'বিসিসিআইয়ের মাথায় বসা সবাইকেই ছেঁটে ফেলা হোক', সুপ্রিম কোর্টে আর্জি লোধা কমিটির
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : ক্রিকেটে সংস্কার নিয়ে বিচারপতি আর এম লোধার নেতৃত্বে যে রিপোর্ট তৈরি হয়েছিল তা মানতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে তা না মেনে একেরপর এক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে লোধা প্যানেল। [লোধা কমিটির এই সুপারিশগুলি কার্যকর করার নির্দেশ সুপ্রিম কোর্টের]
শীর্ষ আদালতে লোধা প্যানেল দাবি জানিয়েছে, বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর, সম্পাদক অজয় শিরকে সহ বিসিসিআইয়ের মাথায় বসে থাকা সমস্ত পদাধিকারীকেই ছেঁটে ফেলা হোক। তার বদলে ক্রিকেটারদের এনে পদে বসানো হোক বলেও আদালতে আর্জি জানিয়েছে লোধা কমিটি।

ভারতীয় ক্রিকেট বোর্ডে সংস্কারের জন্য একগুচ্ছ দাবি জানিয়েছিল লোধা কমিটি। তা মানতে নির্দেশ দিয়েছিল খোদ সর্বোচ্চ আদালত। তা যে বিসিসিআই মানেনি এদিন আদালতে সেটাই তুলে ধরা হয়েছে। উল্টে বিসিসিআই বারবার বিবৃতি দিকে সবপক্ষকে খাটো করেছে বলেও দাবি করা হয়েছে।
লোধা কমিটির অভিযোগ, বোর্ডের তরফে ইমেলের কোনও জবাব দেওয়া হয়নি। এছাড়া অন্যভাবেও যোগাযোগ করা হয়নি। বারবার আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে। যা শুনে বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চের মন্তব্য, এগুলি খুবই গুরুতর অভিযোগ। বিসিসিআইকে আদালতের নির্দেশ মানতেই হবে।
আদালতের বক্তব্য, যদি বিসিসিআই মনে করে, তাঁরা আইনের ঊর্ধ্বে, তাহলে খুব ভুল ভাবছে। তাদের আদালতের নির্দেশ মেনেই চলতে হবে। বিসিসিআই প্রভুর মতো আচরণ করতে পারে না। আপনারা রাস্তায় আসুন, নাহলে আমরা টেনে রাস্তায় আনব।
বিসিসিআইয়ের তরফে আইনজীবী অরবিন্দ দতার আদালতে জানান, তারা বেশিরভাগ নির্দেশই অনুসরণ করেছেন। বাকীগুলিও খুব শীঘ্রই অনুসরণ করা হবে। আগামী ৬ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications