Lizelle Lee: মহিলাদের বিগ ব্যাশ লিগ কাঁপাচ্ছেন লিজেল লি, গড়েই চলেছেন শতরানের নানা রেকর্ড
Lizelle Lee: মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২২ সালে। সেই লিজেল লি এবার বিধ্বংসী ফর্মে রয়েছেন মহিলাদের বিগ ব্যাশ লিগে।
দক্ষিণ আফ্রিকার মহিলা দলের প্রাক্তন উইকেটকিপার লিজেল লি। হোবার্ট হারিকেন্সের হয়ে ওপেন করতে নেমে আজও শতরান হাঁকালেন। পরপর ২ ম্যাচে সেঞ্চুরি, গড়লেন নজিরও।

হোবার্ট হারিকেন্স আজ ২৮ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকারসকে। লিজেল লি এদিন খেললেন ৫৯ বলে ১০৩ রানের ইনিংস। তাঁর ইনিংস সাজানো ১৩টি চার ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। ২০২২ থেকে লি খেলছেন হোবার্ট হারিকেন্সে।
মহিলাদের বিগ ব্যাশ লিগে এদিন তিনি পেলেন পঞ্চম শতরান। ২০১৮-১৯ ও ২০১৯-২০ মরশুমে একটি করে সেঞ্চুরি হাঁকানোর পর ২০২৩-২৪ মরশুমের বিগ ব্যাশে শতরান পেয়েছিলেন। হোবার্ট লি-র কাছে বিগ ব্যাশের তিন নম্বর দল।
চলতি বছরের মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি ২টি শতরান হাঁকিয়েছেন। ৭ ম্যাচে তাঁর মোট রান ৩২৪। গড় ৫৪, স্ট্রাইক রেট ১৬৪.৪৬। গত ১০ নভেম্বর পারথ স্কর্চার্সের হয়ে বিরুদ্ধে লি ৭৫ বলে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন। তাতে ছিল ১২টি চার ও ১২টি ছয়।
পারথের বিরুদ্ধে ওই ইনিংসের সৌজন্যে মহিলাদের বিগ ব্যাশ লিগে ঈর্ষণীয় রেকর্ড গড়েছিলেন লি। এই টুর্নামেন্টের ইতিহাসে কোনও ম্য়াচে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড। তারপর এদিন ফের লিজেল লি নয়া রেকর্ড গড়ে ফেললেন। আজকের আগে অবধি মহিলাদের বিগ ব্যাশ লিগে কোনও প্লেয়ার পরপর ২টি ম্যাচে শতরান হাঁকাতে পারেননি।
মজার ব্যাপার হলো লিজেল লি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রীতিমতো ভয় পেয়ে। তিনি স্থূলকায়। ক্রিকেট সাউথ আফ্রিকার ফিটনেসের যা মাপকাঠি ছিল তাতে তিনি উত্তীর্ণ হতে পারবেন না বুঝেই অবসর নেন।
লি আশঙ্কা করেছিলেন ফিটনেসের কারণেই তাঁকে বাদ দেওয়া হবে জাতীয় দল থেকে। এমনকী ফিটনেস সংক্রান্ত কারণেই তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না ক্রিকেট সাউথ আফ্রিকা। লি এমনও দাবি করেছিলেন, তাঁর বোর্ড ওজন কমানোর জন্য কোনও সহায়তা প্রদান করেনি। যা অস্বীকার করে ক্রিকেট সাউথ আফ্রিকা।
ফলে লি অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এর ফলে, তাঁর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আর এনওসির দরকার পড়বে না। এদিন, লি-র হোবার্টের সামনে ছিল অ্যাডিলেড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ওপেন করতে নেমে স্মৃতি মান্ধানা খেলেন ৩২ বলে ৫১ রানের ইনিংস। মেরেছেন ৬টি চার, ২টি ছয়।












Click it and Unblock the Notifications