বার্নলেকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশের মুখে লিভারপুল, জুভেন্টাসের ইতালিয়ান কাপ জয়
বার্নলেকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশের মুখে লিভারপুল, জুভেন্টাসের ইতালিয়ান কাপ জয়
প্রিমিয়ার লিগে বার্নলের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করে ফেব্রুয়ারির পর ফের পয়েন্ট তালিকার প্রথম চারে প্রবেশ করেছে লিভারপুল। একই সঙ্গে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ পেতে চলেছেন মহম্মদ সালাহরা। অন্যদিকে ১৪তম বার ইতালিয়ান কাপ জিতে সিরি খেতাব হাতছাড়ার জ্বালা মেটাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস।

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে লিভারপুল। প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ ঝড় বইয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সে তুলনায় খানিকটা দেরিতেই সাফল্য পায় য়ুর্গ্যান ক্লপের দল। ম্যাচের ৪৩ মিনিটে রবার্টো ফিরমিনোর গোলে প্রথমবার এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠা সালাহদের সামনে খড়কুটোর মতো উড়ে যায় বার্নলে। ৫২ এবং ৮৮ মিনিটে যথাক্রমে ফিলিপ্স এবং অ্যালেক্সের গোলে লিভাপুলের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এল লিভারপুল। বাকি থাকা আরও একটি ম্যাচ জিততে পারলে এবং অন্যান্য দলের ম্যাচের ফলাফল পক্ষে থাকলে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করবে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ওই ম্যাচ খেলবে লিভারপুল। একইদিনে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
অন্যদিকে আটালান্টাকে হারিয়ে ঐতিহ্যবাহী ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস। ১৪ বারের জন্য এই খেতাবে নিজেদের নাম খোদাই করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। ২-১ গোলে ম্যাচ জেতে জুভেন্টাস। জয়ী দলের হয়ে গোল করেন ডেজান ও ফেডেরিকা। গোল না পেলেও ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্স ফুটবল প্রেমীদের নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications