দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে কোন কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি
সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে যেভাবে একেরপর এক রেকর্ড ভাঙলেন বিরাট তাতে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে তিনিই সেরার সেরা। আসুন দেখে নেওয়া যাক, কিং কোহলি কোন কোন রেকর্ড ভাঙলেন।
তিনিই বিশ্বের সর্বকালের সেরা একদিনের খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশের মাটিতে একদিনের সিরিজের পর প্রায় অনেক বিশেষজ্ঞই এমনই ধারণা পোষণ করছেন। সচিন তেন্ডুলকর ক্রিকেট ঈশ্বর হলেও একদিনের ক্রিকেটে বিরাট যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে তিনিই সেরার সেরা। মাইকেল ভন থেকে শুরু করে অনেকেই এমন বলছেন। সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে যেভাবে একেরপর এক রেকর্ড ভাঙলেন বিরাট তাতে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কিং কোহলি কোন কোন রেকর্ড ভাঙলেন।

এক সিরিজে পাঁচশো রান
দ্বিপাক্ষিক সিরিজে পাঁচশো বা তার বেশি রান করা প্রথম ব্যাটসম্যান হলেন বিরাট। বিরাট করেছেন ৬ ম্যাচে ৫৫৮ রান। এর আগের সর্বোচ্চ ছিল রোহিত শর্মার ৪৯১ রান।

সবচেয়ে বেশি রান
ছয়টি ম্যাচে বিরাট করেছেন ৫৫৮ রান। কোনও দ্বিপাক্ষিক সিরিজে কোনও অধিনায়কের করা এটাই সর্বোচ্চ রান। এর আগে খেলোয়াড় হিসাবে সচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেন ২০০৩ বিশ্বকাপে।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
কেপটাউনে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট অপরাজিত ১৬০ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

পিছনে আমলা
সেঞ্চুরিয়নে সিরিজের শেষ একদিনের ম্যাচে ১৭ হাজার রানের কেরিয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। নিজের ৩৬৩ তম ইনিংসে এই কীর্তি ছুঁলেন তিনি। পিছনে ফেললেন হাশিম আমলাকে। আমলার থেকে ১৮ ইনিংস কম খেলে এই কৃতিত্বে পৌঁছেছেন বিরাট।

পিছনে সৌরভ-লক্ষ্মণ
প্রথম ব্যাটসম্যান হিসাবে কোনও দ্বিপাক্ষিক সিরিজে বিরাট কোহলি তিনটি শতরান করলেন। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণও কোনও সিরিজে তিনটি শতরান করেছেন তবে তা দ্বিপাক্ষিক ছিল না। সৌরভ ২০০৩ বিশ্বকাপে ও লক্ষ্মণ ২০০৪ ভিবি সিরিজে এই কৃতিত্ব অর্জন করেন।












Click it and Unblock the Notifications