ইংল্যান্ডে রোহিতের টেস্ট ব্যাটিংয়ে মুগ্ধ সচিন, পূজারার প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার
ইংল্যান্ডে রোহিত শর্মার টেস্ট ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। নটিংহ্যাম থেকে লর্ডস, লিডস থেকে ওভাল, টিম ইন্ডিয়ার যে যে ক্রিকেটারদের পারফরম্যান্স সবচেয়ে বেশি নজর কেড়েছে, তাঁদের অন্যতম বলেন রোহিত শর্মা। চলতি সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলে চলেছেন হিটম্যান। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করে আরও একবার নিজের জাত চিনিয়েছেন রোহিত। যাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওভালে চেতেশ্বর পূজারার ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছেন মাস্টার ব্লাস্টার।
|
কী বলেছেন সচিন
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন সচিন তেন্ডুলকর। দেরিতে হলেও দুই ভারতীয় ব্যাটসম্যানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। টুইটারে তিনি লিখেছেন যে চলতি সিরিজে দুর্দান্ত টেস্ট ব্যাটিং উপহার দিয়েছেন রোহিত। ওভালের শতরান হিটম্যানের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলেও জানিয়েছেন সচিন। চলতি টেস্ট সিরিজে যে যে ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যে পারফরম্যান্স দিয়েছেন, তাঁদের মধ্যে রোহিত অন্যতম বলে মনে করেন ক্রিকেটের ঈশ্বর। আর চেতেশ্বর পূজারার থেকে তিনি সবসময় সেরাটাই আশা করেন বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

রোহিত শর্মার পারফরম্যান্স
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে নিজের সেরাটা উজাড় করে দেন রোহিত শর্মা। ২৫৬ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হিটম্যান। ১৪টি চার ও একটি ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে। ওভার বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূর্ণ করেছেন ভয়ডরহীন ভারতীয় ওপেনার। যেটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম অ্যাওয়ে (বিদেশের মাটিতে) শতরান। চলতি সিরিজে এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান এসেছে রোহিতের ব্যাট থেকে। চার ম্যাচ খেলে ৩৬৮ রান করা হিটম্যানের ব্যাট থেকে দুটি অর্ধশতরানও এসেছে। রানের নিরিখে দুই দলের মধ্যে দ্বিতীয় স্থানে (প্রথম স্থানে জো রুট) অবস্থান করছেন রোহিত শর্মা।

চেতেশ্বর পূজারার পারফরম্যান্স
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেন চেতেশ্বর পূজারা। ১২৭ বলে ৬১ রানের লড়াকু ইনিংস আসে ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে। এই ইনিংসে ৯টি চার মেরেছেন পূজারা। রোহিত শর্মার সঙ্গে তাঁর ১৫৩ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। চলতি সিরিজে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২২৭ রান করেছেন চেতেশ্বর পূজারা। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৯১। উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে চেতেশ্বর পূজারার ব্যাড প্যাচ নিয়ে কথা উঠছিল নানা মহলে। তার জবাব দিয়ে নিজগুনে ফের ভাস্বর হয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডেবল।

ম্যাচ জিততে চায় ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্ট জিতে লিডসে হেরে গিয়েছে ভারত। এই অবস্থায় ওভালে চলতে থাকা চতুর্থ টেস্ট যারা জিতবে, তারা সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে। তাই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছে দুই দলই। ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।












Click it and Unblock the Notifications