অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বাঁহাতি স্পিনার, দিল্লি পৌঁছে গেলেন মিচেল স্টার্কও, পরিকল্পনায় পরিবর্তন?
অস্ট্রেলিয়া দিল্লি টেস্টের একাদশে রদবদল আনতে চলেছে। এসে গিয়েছেন মিচেল স্টার্ক। সুস্থতার দিকে ক্যামেরন গ্রিন। বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যানকে ডেকে পাঠাল অজি শিবির।
নাগপুর টেস্ট শেষ হয়ে গিয়েছে আড়াই দিনেই। তবে আপাতত আজ আর কাল নাগপুরেই থেকে অনুশীলনের পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। নির্ধারিত দিনেই দিল্লি যাবেন প্যাট কামিন্সরা। প্রথম টেস্টে ফিটনেস সমস্যা খেলতে পারেননি মিচেল স্টার্ক। তিনি দিল্লি এসে গিয়েছেন। দলে একজন বাঁহাতি স্পিনারকেও ডাকল অজিরা।

স্পিন চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি
অস্ট্রেলিয়া শিবির ধরেই নিচ্ছে পরের টেস্টগুলিও টার্নিং ট্র্যাকেই খেলতে হবে। প্রথম টেস্টে ভরাডুবির জেরে প্রথম একাদশে পরিবর্তন যে আসছে সেটাও বলাই যায়। অভিষেক টেস্টে ডট মার্ফি সাত উইকেট নিয়েছেন। ভারতের তারকা ব্যাটারদের তিনি সাজঘরে ফিরিয়েছেন। সেই তুলনায় অভিজ্ঞ নাথান লিয়ঁকে নিষ্প্রভই দেখিয়েছে। নতুন কোনও স্পিনার খেলিয়ে তাই ভারতকে চাপে ফেলাই লক্ষ্য অজিদের। এমনকী পিচ দেখে প্রয়োজনে তিন স্পিনার নিয়ে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
|
দলে ডাক পেলেন কুহনেম্যান
নাগপুর টেস্টে মার্ফি ও লিয়ঁকে খেলিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল সোয়েপসনকে খেলানো হয়নি। সোয়েপসন দেশে ফিরেছেন প্রথম সন্তানের জন্মলাভের সময় স্ত্রীর পাশে থাকার জন্য। তৃতীয় টেস্টের আগে তাঁর ফিরে আসার কথা। সোয়েপসনের পরিবর্তে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যোগ দেবেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান। তিন স্পিনারে নামলে এই টেস্টে তাঁর অভিষেক যে হতেই পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়া শিবির অ্যাশটন অ্যাগারের উপর তেমন আস্থা রাখতে পারছে না। রবীন্দ্র জাদেজাকে সফল হতে দেখে কুহনেম্যানকে খেলিয়ে চমক দিতে পারে অজিরা।

নতুন স্পিনার খেলিয়ে চমক
টড মার্ফি নাগপুর টেস্টে ১২৪ রানে ৭ উইকেট দখল করেছিলেন। টেস্ট অভিষেকের আগে তিনি মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ফলে অভিজ্ঞতাই যে সব সময় জরুরি, সেটা মনে করছে না বিশ্বের ১ নম্বর টেস্ট দল। কুহনেম্যান খেলেছেন ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৪.৮০ গড়ে তাঁর ৩৫টি উইকেট রয়েছে। সোয়েপপসন থাকলে তিনি কুইন্সল্যান্ডের প্রথম একাদশে নিয়মিত জায়গাও পান না। তবে গত বছর শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়ে চারটি ওডিআইয়ে ৬টি উইকেট দখল করেন। ভিক্টোরিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার পরই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোন পান। কাছেই ছিল পাসপোর্ট। তিনি ভারতে আসছেন। কুহনেম্যান বলেন, ফ্যান হিসেবে প্রথম টেস্টের পুরো খেলা দেখেছি। এই সিরিজ দেখতে ভালোই লাগে। টড মার্ফি ভালো বোলিং করেছেন। জাদেজার বোলিংও দেখেছি। ভারতে দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটারদের বোলিংয়ের অভিজ্ঞতাও রয়েছে।

একাদশে রদবদলের সম্ভাবনা
ক্যামেরন গ্রিনের ফিটনেসের উপর নির্ভর করবে কুহনেম্যানের অভিষেক। গ্রিনের ফাইনাল এক্স-রে আজ হওয়ার কথা। তিনি আড়াই ঘণ্টা ধরে ব্যাট করেছেন অনুশীলনে, বোলিংও করছেন পুরোদমেই। মিচেল স্টার্ক দিল্লি পৌঁছে একদিন বিশ্রাম নিয়েই কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। ম্যাট রেনশ-র হাঁটুর চোটের দিকেও নজর রাখছে অস্ট্রেলিয়া শিবির। ট্রাভিস হেডকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক হচ্ছে। রেনশ রান পাননি নাগপুরে। ফলে দিল্লি টেস্টে হেড দলে আসতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications