বিশ্বরেকর্ড : পরপর ৪ ম্যাচে শতরান সঙ্গাকারার
হোবার্ট, ১১ মার্চ : এই বিশ্বকাপ রেকর্ডের বিশ্বকাপ। এদিন যেমন আরও একটি রেকর্ড হল। করলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পুল এ-র ম্যাচে শতরান করার ফলে পরপর চারটি একদিনের ম্যাচে শতরান করলেন সঙ্গাকারা।
এদিনের আগে পর্যন্ত ৩৬৩১ টি একদিনের ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সঙ্গাকারার আগে আর কোনও ব্যাটসম্যান এই কৃতিত্বে পৌঁছতে পারেননি। এদিনও একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মাত্র ৮৬ বলে শতরান করেন তিনি। এর আগে বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই বিশ্বকাপেই শতরানের ইনিংস খেলেছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।

এর আগে সঙ্গাকারার সঙ্গেই নিউজিল্যান্ডের রস টেলর, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, হার্শেল গিবস ও এবি ডেভেলিয়ার্স, পাকিস্তানের জাহির আব্বাস ও সঈদ আনোয়ারেরও ৩ টি করে ম্যাচে টানা শতরান ছিল।
এখন পর্যন্ত ৪০৩ টি একদিনের ম্যাচ খেলে ২৫ টি শতরান করেছেন কুমার সঙ্গাকারা। এই বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা তাঁর।












Click it and Unblock the Notifications