কুলদীপের ভেল্কির সামনেই হার স্বীকার করতে হল রাজস্থানকে
কুলদীপ যাদবের অনবদ্য বোলিং-ই রাজস্থানের বিরুদ্ধে শুরুতেই ভাল জায়গায় পৌছে দেয় কলকাতাকে। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে ছয় উইকেটে হারিয়ে প্লে-অফের রাস্তা আরও মসৃণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ব্যাট হাতে এবং বল হাতে দু'টি বিভাগেই সাফল্যের সঙ্গে পারফর্ম করেন কেকেআর-এর ক্রিকটারেরা।

রাজস্থানের ১৪২ রানের জবাবে ১৯ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
কলকাতার দুরন্ত ব্যাটিং করেন ক্রিস লিন(৪৫) এবং দীনেশ কার্তিক(৪১)।
তবে, এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে কুলদীপ যাদবের অনবদ্য বোলিং। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। গত এক-দু'ম্যাচে সেই ভাবে নিজের ছাপ ফেলতে পারছিলেন না কুলদীপ। কিন্তু প্রয়োজনের সময় তরুণ এই চায়নাম্যান বোলার বুঝিয়ে দিলেন কেন তিনি অপরিহার্য কলকাতার দলে।
ম্যাচের সেরা কুলদীপ নিজের চার ওভারে ২০ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। এই ম্যাচে কুলদীপের শিকারের তালিকায় রয়েছেন গত তিন ম্যাচে রাজস্থানেকে একার কাঁধে দায়িত্ব নিয়ে জয় এনে দেওয়া জস বাটলার।
এছাড়া আছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে, বেন স্টোকস এবং স্টুয়ার্ট বিনি।
ম্যাচ শেষে কুলদীপ বলেন, 'যে ভাবে রাজস্থান নিজেদের ইনিংস শুরু করে ছিল তাতে কিছুটা চাপে ছিলাম আমি। আমি শুধু উইকেট নেওয়ার কথা ভাবছিলাম। বাটলারের উইকেট নেওয়ার পরিকল্পনা ছিল আমার। কারণ ও বিপক্ষের ফর্মে থাকা ক্রিকেটার।'
নিজের সাফল্যের পাশাপাশি দলের জয় যে তাঁর সাফল্যকে আরও মধুর করেছে তা-ও এদিন জানিয়ে যান কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications