IPL 2022: নাইট রাইডার্সের বিরুদ্ধে চাহালের হ্যাটট্রিকে অভিভূত কুলদীপ, প্রিয় বন্ধুর উদ্দেশ্যে করলেন টুইট
IPL 2022: নাইট রাইডার্সের বিরুদ্ধে চাহালের হ্যাটট্রিকে অভিভূত কুলদীপ, প্রিয় বন্ধুর উদ্দেশ্যে করলেন টুইট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে রাজস্থান রয়্যালসকে জয় এনে দেওয়া যুজবেন্দ্র চাহালের প্রশংসায় মাতলেন তাঁর বন্ধু এবং জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদব।

কুলদীপ এবং যুজবেন্দ্র- এই স্পিনিং জুটিকে ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা ভালবেসে 'কুলচা' বলে ডাকেন। চাহাল এবং কুলদীপ- দু'জনেই চলতি আইপিএল-এ নিজেদের ফ্রাঞ্চাইজির হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স করছেন। মজার বিষয় হলো এই দুই তারকা স্পিনারকেই রিটেন করেনি তাঁদের আগের ফ্রাঞ্চাইজি। তবে, কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেন না করায় অত্যন্ত খুশি হয়েছেন কুলদীপ যাদব, কারণ কেকেআর তাঁর কেরিয়ারটাকেই শেষ করে দিতে বসেছিল ক্রমাগত মাঠের বাইরে রেখে। দিল্লিতে এসে একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি।
Chahalllll 🔥🔥🔥@yuzi_chahal ♥️
— Kuldeep yadav (@imkuldeep18) April 18, 2022
প্রথমে ব্যাটিং করে জস বাটলারের দুর্দান্ত শতরানের উপর ভর করে ২১৭/৫ রান তোলে রাজস্থান। জবাবে কলকাতাও দারুণ খেলছিল। ১৭ ওভার শুরুর আগে তাদের রান ছিল ১৭৮/৪, অনেকেই ভেবেছিলেন এই ম্যাচ বের করে নেবে শ্রেয়স আইয়ারের দল। তবে, অন্য রকম পরিকল্পনা সেট করে বোলিং-এ এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। ওই ওভারে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটি নেন এই লেগ স্পিনার এবং ম্যাচের নিয়ন্ত্রণ আবার চলে আসে রাজস্থানের হাতে। চাহাল প্রথম বলে স্টাম্পড করেন ভেঙ্কটেশ আইয়ারকে। দু'বল পর তিনি তুলে নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট। ওভারের পঞ্চম বলে চাহালের শিকার হন শিভম মাভি। ওভারের শেষ ওভারে প্যাট কামিন্সের উইকেট তুলে হ্যাটট্রিক সমপন্ন করেন যুজি। আইপিএল-এর ইতিহাসে ২১তম হ্যাটট্রিক ছিল এটা।

যদিও তখনও পুরোপুরি আশা শেষ হয়ে যায়নি কেকেআর-এর শেলডন জ্যাকশন এবং উমেশ যাদব ১৮ নম্বর ওভার থেকে ২০ রান তুলে নেয়। যদিও ১৯ নম্বর ওভার থেকে আসে ৭ রান। শেষ পাঁচ বলে কেকেআর-এর প্রয়োজন ছিল ৯ রান। এই ম্যাচে রাজস্থানের জার্সিতে আইপিএল অভিষেক করা ম্যাকওয়ে শেষ ওভারে তুলে নেন জ্যাকসনকে। ৯ বলে ২১ রান করা উমেশ যাদব বোল্ড হওয়ার সঙ্গেই সমাপ্তি ঘটে কেকেআর-এর মরিয়া লড়াইয়ের।
এই ম্যাচে হারের ফলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে হারের হ্যাটট্রিক করে ফেলল কলকাতা নাইট রাইজার্স। ৭ ম্যাচে তিনটি জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে তারা। অপর দিকে, জয়ের ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications