গুয়াহাটি টেস্টে সাবধানী দক্ষিণ আফ্রিকা, মাস্ট উইন ম্যাচে ভারতকে লড়াইয়ে রাখলেন কুলদীপ
গুয়াহাটি টেস্টের প্রথম দিনে ভারতকে লড়াইয়ে রাখল কুলদীপ যাদবের স্পিন। এই প্রথম অসমের রাজধানীতে কোনও টেস্ট ম্যাচ হচ্ছে।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিরার শহরের বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ঐতিহাসিক দিনে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠন মানহাস। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান।

ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। একাদশে নেই অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় নেওয়া হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে, যদিও এদিন তিনি মাত্র চার ওভার হাত ঘোরালেন। শুভমান গিলের পরিবর্তে একাদশে এসেছেন বি সাই সুদর্শন। ব্যাটিং সহায়ক পিচ, যেখানে পরের দিকে বল ঘুরবে, সেখানে অক্ষরকে বাদ দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা তো সময়ই বলবে।
এদিন খেলা শুরুর কিছু পরেই লোকেশ রাহুল সহজ ক্যাচ না ফেললে দক্ষিণ আফ্রিকাকে আরও চাপে রাখা যেত। চা বিরতিতে প্রোটিয়াদের স্কোর ছিল ২৬.৫ ওভারে ১ উইকেটে ৮২ রান। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর গিয়ে দাঁড়ায় ৫৫ ওভারে ২ উইকেটে ১৫৬ রানে। শেষ সেশনে ভারত চার উইকেট তুলে নিয়েছে।
ওপেনিং জুটি ভেঙেছিল ৮২ রানে। এইডেন মার্করাম ৮১ বলে ৩৮ রান করেন। অপর ওপেনার রায়ান রিকেলটন করেন ৮২ বলে ৩৫। তিনে নেমে ট্রিস্টান স্টাবস ১১২ বলে ৪৯ রান করেছেন, তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও ২টি ছয়। অধিনায়ক তেম্বা বাভুমা ৯২ বলে ৪১ রান করেন। টনি ডি জর্জি ৫৯ বলে ২৮, উইয়ান মুল্ডার ১৮ বলে ১৩ রান করেছেন। সেনুরান মুথুসামী ৪৫ বলে ২৫ ও কাইল ভেরেইন ৪ বলে ১ রানে অপরাজিত আছেন।
রিকেলটন, স্টাবস ও মুল্ডার কুলদীপ যাদবের শিকার। জসপ্রীত বুমরাহ বোল্ড করে দেন মার্করামকে, চা বিরতির ঠিক আগেই। বাভুমাকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। জর্জি সিরাজের বলে কট বিহাইন্ড হয়েছেন।
কুলদীপ তিনটি মেডেন-সহ ১৭ ওভারে ৪৮ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। বুমরাহ ৬টি মেডেন-সহ ১৭ ওভারে ৩৮, সিরাজ ৩টি মেডেন-সহ ১৭.৫ ওভারে ৫৯ ও জাদেজা ১টি মেডেন-সহ ১২ ওভারে ৩০ রান খরচ করে একটি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications