KS Bharat: মোদী গড়ে ভরতের রাম ভক্তি, শতরান করে অভিনব ভঙ্গিতে ভগবান রামকে উৎসর্গ , দেখুন ভিডিও
তাঁর নামের মধ্যেই রয়েছে ভরত(কেএস ভরত)। সেই ভরতই এবার দেখালেন রাম ভক্তি। তবে অযোধ্যায় গিয়ে নয়, মোদী গড় মোতেরা থেকেই ভগবান শ্রী রামের প্রতি ভক্তি প্রদর্শন করলেন ভারতীয় দলের ক্রিকেটার। হিন্দু ধর্মপ্রাণ মানুষরা মনে করেন ভগবান শ্রী রাম সর্বত্র বিরাজমান। ক্রিকেট মাঠ থেকেই রামের প্রতি ভক্তি নিবেদন করলেন ভরত।
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি বেসরকারি টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে ভারতীয় এ দলের সদস্য ছিলেন কেএস ভরত। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ভারতীয় দলে আছেন। কঠিন সিরিজে নামার আগে নিজের ব্যাটিংকে আরও একবার ঝাঁলিয়ে নিলেন ভরত।

পরে জানা যায় যে সেই সময়ে কেএস ভরত নিজের শতরানটি শ্রী রামকে উৎসর্গ করেছিলেন। সেই ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। অযোধ্যায় মন্দির উদ্বোধনকে ঘিরে ভগবান রামকে নিয়ে চলা আবেগের মাঝে ভরতের এই কাণ্ড কিন্তু সাড়া ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজের করা দুরন্ত সেঞ্চুরিটা ভগবান রামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ভরত।
এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ভরত ১১৭ রানে অপরাজিত থাকেন। ভরত-মানব ঠাকুর ষষ্ঠ উইকেটে ২০৭ রানে অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে হার বাঁচান। ৪৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভরত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪২৬ রান করেন। আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষণা করে।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। তবে সোমবার বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications