করোনাজয়ী ঋদ্ধির স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ড সফরে যাবেন ভরত
ইংল্যান্ড সফরের আগে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সকলেই মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছেন। কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে-সহ মুম্বইকররা বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। ঋদ্ধিমান সাহা করোনা জয় করে দিল্লি থেকে বোর্ডের অনুমতি নিয়ে কলকাতা ফিরেছেন। পরে তিনি দলের সঙ্গে মুম্বইয়ে যোগ দেবেন। বাকিরা রয়েছেন টিম হোটেলে। সেখানে রয়েছেন ঋদ্ধিমান সাহার স্ট্যান্ডবাই হিসেবে ডাক পাওয়া কে এস ভরত।

নজরে ঋদ্ধি
৭ মে যখন ইংল্যান্ডগামী দল ঘোষণা করা হয় তখন বলা হয়েছিল, ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহাই ইংল্যান্ড সফরে ভারতের দুই উইকেটকিপার। তবে তখনও ঋদ্ধিমান করোনামুক্ত না থাকায় বলা হয় দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার আগে ঋদ্ধিকে ফিটনেসের প্রমাণ দিতে হবে। ঋদ্ধি অবশ্য করোনা জয়ের পর সুস্থ রয়েছেন। কলকাতায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে ফের চাঙ্গা হয়ে গিয়েছেন। ইংল্যান্ড সফরের আগে ফিটনেস টেস্ট নিয়ে কোনও উদ্বেগও নেই। ছেলে ছোটো বলে পরিবারকে নিয়ে মুম্বই বা ইংল্যান্ড যাওয়ারও পরিকল্পনা নেই ঋদ্ধির।
ছবি- টুইটার

স্ট্যান্ডবাই ভরত
তারপরেও ঋদ্ধিমান সাহার স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধ্রের উইকেটকিপার-ব্যাটসম্যান কে এস ভরতকে। তিনি ইতিমধ্যেই মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভারতীয় এ দলের নিয়মিত উইকেটকিপার ভরতকে চলতি বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও স্ট্যান্ডবাই হিসেবে রেখে দেওয়া হয়েছিল।

ভারতের খেলা
১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ৪ অগাস্ট থেকে নটিংহ্যামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ১২ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট লর্ডসে। ২৫ অগাস্ট থেকে লিডসে তৃতীয় টেস্ট। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে চতুর্থ টেস্ট। ম্যাঞ্চেস্টারে শেষ টেস্ট শুরু ১০ সেপ্টেম্বর থেকে।

ইংল্যান্ড সফরের দল
ইংল্যান্ড সফরে ছটি টেস্টের দলে অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও রয়েছেন অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)। রাহুল ও ঋদ্ধিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারতীয় দল ইংল্যান্ডে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলবে। তাই করোনা পরিস্থিতিতে আইসিসি-র গাইডলাইন মেনে বড় দল গড়া হয়েছে। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আর্জান নাগওয়াসওয়ালা ও কে এস ভরত।












Click it and Unblock the Notifications