'আমি নির্বাচক প্রধান হলে শামি দলে থাকত', এশিয়া কাপের দলে শামি না থাকায় অবাক ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের এই তারকা
'আমি নির্বাচক প্রধান হলে শামি দলে থাকত', এশিয়া কাপের দলে শামি না থাকায় অবাক ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের এই তারকা
সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটি। দলে প্রত্যাবর্তন ঘটেছে বিরাট কোহলি, কে এল রাহুলের। সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, তাঁর ডেপুটি হিসেবে থাকবেন কে এল রাহুল। ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় দলে উল্লেখযোগ্য ভাবে ফেরানো হয়নি মহম্মদ শামিকে, যা অবাক করেছে অনেককেই। গত টি-২০ বিশ্বকাপের পর একটিও টি-২০ ম্যাচ দেশের হয়ে খেলেননি শামি।

মহম্মদ শামিকে দলে না ফেরানোয় অবাক কৃষ্ণমাচারি শ্রীকান্ত:
জাতীয় দলের প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়ে দিয়েছেন, তিনি যদি এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতেন তা হলে সেই দলে থাকতেন মহম্মদ শামি। একটি বেসরকারী সম্প্রচারকারী চ্যানেলকে শ্রীকান্ত বলেছেন, "আমার দলে সব সময়েই শামি থাকত। আমি যদি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম তা হলে শামি থাকত এবং হয়তো আমি রবি বিষ্ণোইকে নিতাম না। আমার দলে জায়গা পাওয়ার জন্য লড়াই সব সময়ে থাকত অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল এবং অশ্বির (রবিচন্দ্রন অশ্বিন) মধ্যে বেছে নেওয়াটা একটা কঠিন কাজ ছিল।"

কোভিড কাটিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল:
চোট কাটিয়ে এবং কোভিড মুক্ত হয়ে ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল। ১৫-সদস্যের দলে দুই উইকেটরক্ষককে রাখা হয়েছে। ঋষভ পন্থের সঙ্গে রয়েছে দীনেশ কার্তিক। স্কোয়াডে রাখা হয়েছে তিন জন বিশেষজ্ঞ স্পিনারকে। এঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোইকে। দুই অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজা।

স্কোয়াডে মিডিয়াম পেসারের অভাব রয়েছে:
১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীকান্ত বলেছেন, "এই স্কোয়াড বেশ ভাল কিন্তু আমার মনে হয় আমাদের আরও এক জন মিডিয়াম পেসার প্রয়োজন। এক জন কম মিডিয়াম পেসার নিয়ে আমরা খেলতে যাচ্ছি। দু'টো রিস্ট স্পিনার ঠিক আছে। দলে জায়গা না পাওয়া অক্ষর প্যাটেলের জন্য আমার খারাপ লাগছে। আমি মনে করি ও যথেষ্ট ভাল এক জন বোলিং অলরাউন্ডার, হয়তো অস্ট্রেলিয়ার কন্ডিশনে। আমি শুধু এশিয়া কাপের বিষয়ে বলছি না, এটা আইসিসি টি-২০ বিশ্বকাপের নীল নকশা হওয়া উচিৎ। দীপক হুডার জন্য আমি খুব খুশি, ও কিছুটা বোলিংও করতে পারে।" চোটের কারণে এশিয়া কাপে ভারত সার্ভিস পাবে না জসপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেলের। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছে এই দুই ক্রিকেটার।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদ্বীপ সিং, আভেষ খান












Click it and Unblock the Notifications