করোনার আবহে কলকাতা ময়দানে কবে শুরু ফুটবল অনুশীলন, জানাল রাজ্য
করোনার আবহে কলকাতা ময়দানে কবে শুরু ফুটবল অনুশীলন, জানাল রাজ্য
করোনা ভাইরাসের আবহেই কলকাতা ময়দানে ফের ফুটবল অনুশীলন শুরু করার ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছর দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে চলা ভবানীপুর ও মহামেডানকে মাঠে নেমে অনুশীলন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।

মঙ্গলবার নিজস্ব দফতরে এই ইস্যুতে বৈঠকে বসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে ভবানীপুর ক্লাবের কোচ শঙ্করলাল চক্রবর্তী এবং মহামেডান ক্লাবের সচিব ওয়াসিম আক্রম হাজির ছিলেন বলে জানানো হয়েছে। বেশ কিছুক্ষণের আলোচনা শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মহামেডান স্পোর্টিং ও ভবানীপুরকে ময়দানে নেমে অনুশীলন করার বিশেষ অনুমতি দেওয়া হচ্ছে। দুই দল বুধবার থেকেই মাঠে নামতে পারেন বলেও জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। নিজেদের মাঠে অনুশীলন করবে মহামেডান। মোহনবাগান মাঠে নামবে ভবানীপুর। তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ক্লাবগুলিকে সব সরকারি স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।
করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে শীঘ্রই শুরু হবে আই লিগের দ্বিতীয় ডিভিশন। এই পর্বে ভালো কলকাতার যে কোনও একটি দল টুর্নামেন্টের মূল পর্বে উঠুক, তা চান রাজ্যের ক্রীড়ামন্ত্রী। সেই লক্ষ্যে মহামেডান স্পোর্টিং ও ভবানীপুরকে অনুশীলনের অনুমতি দেওয়া হলেও সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। জানিয়েছেন, ফুটবলারদের ঘেরা মাঠে অনুশীলন করতে হবে। মাঠে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী।












Click it and Unblock the Notifications