কলকাতা নাইট রাইডার্সের বড় সিদ্ধান্ত, আইপিএলে হেড কোচ করা হচ্ছে অভিষেক নায়ারকে
আইপিএলে অভিষেক নায়ারকে হেড কোচের পদে বসাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হচ্ছেন নায়ার।
অস্ট্রেলিয়া সফরের আগে নায়ারের তত্ত্বাবধানেই অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ কেকেআরে ব্যাটিং কোচের ভূমিকা পালন করছিলেন। এবার তাঁর পদোন্নতি হতে চলেছে।

শুধু রোহিতই নন, মুম্বইয়ের প্রাক্তন ব্যাটারের কাছে গিয়ে অনুশীলন করে, পরামর্শ নিয়ে অনেক ক্রিকেটারই ছন্দ ফিরে পেয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ, গত সপ্তাহেই নায়ারকে কেকেআরের হেড কোচ হওয়ার কথা বলা হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হবে।
গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর নায়ারকে সহকারী কোচ হিসেবে নিয়ে গিয়েছিলেন। তবে গত বছর ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নায়ারকে। এরপরই তিনি কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন। কেকেআরের আকাদেমিরও হেড কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে নায়ারের।
চলতি বছর আইপিএলে কেকেআরের আশানুরূপ ফল হয়নি। প্লে-অফেই উঠতে পারেনি। ১৪টির মধ্যে জেতে মাত্র পাঁচটিতে। এরপর চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে নতুন হেড কোচের সন্ধানে ছিল কেকেআর। দীর্ঘদিন ধরে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সুবাদে নায়ারের হেড কোচ হিসেবে কাজ করতে সমস্যা হবে না। সবটাই চেনা পরিবেশ। চলতি বছরের শুরুতেই নায়ারকে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ করা হয়েছে। ফলে দুটি ভিন্ন লিগে দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকা তিনি একসঙ্গে পালন করেন কিনা, তা দেখার বিষয়।
রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধু অভিষেক নায়ার। রোহিতের ব্যাটিং দেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁকে ১০ কেজি ওজন কমাতেও সাহায্য করেছেন নায়ার। তাঁর দ্বারা উপকৃত লোকেশ রাহুল-সহ অনেকের কেরিয়ার। তবে ভারতীয় ব্যাটারদের দেশে ও বিদেশে ব্যর্থতার কারণে জাতীয় দলে নায়ারের কার্যকাল ফলপ্রসূ হয়নি।












Click it and Unblock the Notifications