IPL Auction 2022: আসন্ন নিলামে এই পাঁচ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স
IPL Auction 2022: আসন্ন নিলামে এই পাঁচ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স
আসন্ন আইপিএল-এর মেগা নিলাম শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। নিলামে কোন দল কোন ক্রিকেটারের জন্য ঝাঁপাবে তার ব্লু প্রিন্ট ইতিমধ্যেই ছকে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলি। এ বার শুধু অপেক্ষা নিলামগৃহে পছন্দের ক্রিকেটারদের জন্য ঝাঁপিয়ে পড়া।
১২ এবং ১৩ ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে আয়োজিত নিলামে আইপিএল-এর জন্মলগ্ন থেকে যুক্ত আটটি ফ্রাঞ্চাইজির সঙ্গে লড়াই চালাবে নতুন দুই ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস এবং গুজরাত টাইটানস। কোনও বারই নক্ষত্রখচিত দল গড়ে না কেকেআর, মূলত কার্যকারী এবং তরুন প্রতিভাবান ক্রিকেটারদের উপরই জোর দেয় কেকেআর। যেই চার ক্রিকেটার তারা ধরে রেখেছে তাঁদের মধ্যে একমাত্র বড় নাম আন্দ্রে রাসেল। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে ধরে রেখেছে শাহরুখ খানের দল।
এক নজরে দেখে নিন আসন্ন আইপিএল-এ কোন পাঁচ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে কেকেআর:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):
বাইশ গজে এই নামটাই যথেষ্ট। অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক ডেভিড ওয়ার্নারের দিকে আসন্ন আইপিএল-এ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের। শুধু বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবেই নয়, ২০১৬ আইপিএল-এ সাইরাইজার্স হায়দরাবাদকে প্রথমবার আইপিএল খেতাব এনে দেওয়ার পিছনে অনেক বড় অবদনা ছিল ওয়ার্নারের দক্ষ অধিনায়কত্বের। ইয়ম মর্গ্যান এবং দীনেশ কার্তিককে রিলিজ করে দেওয়ায় আসন্ন আইপিএল-এ অধিনায়ক হওয়ার যোগ্য এবং ব্যাট হাতে ধ্বংসলীলা চালানোর দক্ষতা রাখা ওয়ার্নারের জন্য ঝাঁপাবে কেকেআর।

শ্রেয়াস আইয়ার (ভারত):
ওয়ার্নারের মতোই শ্রেয়াসকে নেওয়ার বিষয়েও আইপিএল-এর বিভিন্ন দল ইতিমধ্যেই ছক কষে এগোচ্ছে। মিডল অর্ডারে দলের ব্যাটিংকে শক্তিশালী করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও দক্ষতা রয়েছে শ্রেয়াসের। ২০২০ আইপিএল-এর ফাইনালে তাঁর নেতৃত্বেই পৌঁছে ছিল দিল্লি ক্যাপিটলস।

লকি ফার্গুসন (নিউজিল্যান্ড):
গত দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের দলে থাকলেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি লকি ফার্গুসন। মূলত চোটের কারণে অধিকাংশ সময়টা তাঁকে থাকতে হয়েছে দলের বাইরে। এছাড়া প্যাট কামিন্সকে খেলানোর জন্যও তাঁকে দলের বাইরে একাধিক ক্ষেত্রে রেখেছে কেকেআর। তবে, দলে যখনই সুযোগ পেয়েছেন তখনই বল হাতে প্রতিভার বিচ্ছূরণ করেছেন লকি। প্রতিটা সুযোগেই বাজিমাত করেছেন। তাই ফের তাঁকে নিলাম থেকে তুলে নেওয়ার লক্ষ্যে থাকতে পারে কেকেআর।

দেবদূত পল্লিকল (ভারত):
কেকেআর-এর মতোই প্লেয়ার ছাড়ার ক্ষেত্রে অবাক করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। কেকেআর যেমন শুভমন গিলকে ছেড়েছেন তেমন আরসিবি ছেড়ে দেবদূত পল্লিকলকে, এই দু'ঠি রিলিজ অবাক করেছে দেশের ক্রিকেট সার্কিটকে। গিলকে নিলাম থেকে কম দামে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল কেকেআর-এর কিন্ত গুজরাত টাইটানস শুভমনকে ড্রাফ্টিং-এ নিয়ে নেওয়ায় দেবদূতের দিকে নজর থাকবে কেকেআর-এর।

শেখ রশিদ (ভারত):
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়কত্ব সামলানো রশিদ দুর্দান্ত ছন্দে রয়েছে। মিডল অর্ডারে বরাবরই স্থায়ীত্ব আনতে ব্যর্থ হয়েছে কেকেআর। সেই সমস্যা মেটাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অর্ধ-শতরান করা রশিদের জন্য দর হাঁকতে পারে শাহরুখ খানের দল।












Click it and Unblock the Notifications