IPL 2021: মর্গ্যানে চিন্তায় ম্যাকালাম! কেন আইপিএলের শেষ চারের দৌড়ে ভালো জায়গায় কেকেআর?
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে শেষ চারের দৌড় জমিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। লোকেশ রাহুলরা পাঁচে উঠে আসতেই প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। প্রথম দল হিসেবে এবারের আইপিএলের শেষ চারে উঠেছে চেন্নাই সুপার কিংস। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট থাকায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও যে শেষ চারে থাকবে তা কার্যত নিশ্চিত। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স তিনটি দলই দাঁড়িয়ে রয়েছে ১০ পয়েন্টে। কেকেআর ও পাঞ্জাব কিংসের আর বাকি রয়েছে দুটি ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি।

কে কোথায় দাঁড়িয়ে?
আজ মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে জিতলে চার নম্বরে উঠে আসবে গতবারের চ্যাম্পিয়নরা। তবে হেরে গেলে রোহিত শর্মাদের বিপদ বাড়বে। কলকাতা নাইট রাইডার্স গতকাল পরাজয়ের মুখে পড়লেও তাদের নেট রান রেট +০.৩০২। পাঞ্জাব কিংসের নেট রান রেট মাইনাস (-) ০.২৩৬ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মাইনাস (-) ০.৪৫৩। ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্যালসের, নেট রান রেট মাইনাস (-) ০.৪৬৮। ফলে সঞ্জু স্যামসনদের প্লে অফে ওঠার জন্য বাকি দুটি ম্যাচে জিততে তো হবেই, তাকিে থাকতে হবে অন্যদের দিকেও।

খেলা বাকি
কলকাতা নাইট রাইডার্সের সুবিধা একটাই তাদের খেলতে হবে চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ ও সপ্তম দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। এরপর বিরাটদের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আজকের ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ বাকি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পাঞ্জাব কিংসের ম্যাচ বাকি আরসিবি ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ফলে লোকেশ রাহুলদেরই প্লে অফে ওঠার লড়াইয়ে শক্ত চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। তিনটির মধ্যে একটি জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে আরসিবি। সেক্ষেত্রে আজ রোহিতরা জিতে গেলে চতুর্থ স্থানের জন্য জোর টক্কর হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যেই। পাঞ্জাব কিংসের কাছেও বাকি ম্যাচগুলি ডু অর ডাই। তবে এই চিত্রটা আরও স্পষ্ট হয়ে যাবে আজ দিল্লি ও মুম্বই ম্যাচের পরেই।

ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা
কলকাতা নাইট রাইডার্স শিবিরকে চিন্তায় রাখছে অধিনায়ক ইয়ন মর্গ্যানের ফর্ম। সে কথা স্বীকার করে নিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি বলেছেন, মর্গ্যান বিদেশি ব্যাটার আবার দলের অধিনায়কও। তাঁর অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্নই নেই। অধিনায়ক হিসেবে তাঁর রণকৌশল দলের ক্ষেত্রে ইতিবাচকই হয়েছে। কিন্তু তাঁর ব্যাট থেকে আরও বেশি রানও দল প্রত্যাশা করে। বোঝাই যাচ্ছে, ক্যাপ্টেন মর্গ্যানের অফ ফর্ম বিদেশি বাছাইয়েও ঘোর সঙ্কটে ফেলছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।

বিতর্কে আম্পায়ারিং
মর্গ্যান অবশ্য পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়ের জন্য ক্যাচ ফেলাকে দায়ী করেছেন। তবে রাহুল ত্রিপাঠির যে ক্যাচ নাকচ করে লোকেশ রাহুলকে জীবন দেন তৃতীয় আম্পায়ার তা নিয়ে বিতর্ক অব্যাহত। গ্রেম সোয়ান থেকে গৌতম গম্ভীর সকলেই জঘন্য থার্ড আম্পায়ারিং নিয়ে সরব হয়েছেন। মর্গ্যান বলেছেন, রিয়াল টাইমে আউটই মনে হয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার নাকচ করার পর কিছু বলার থাকে না। রিপ্লে দেখে বিশেষজ্ঞদের দাবি, বলের নীচে ত্রিপাঠির আঙুল ছিল। ফলে ওটা আউটই ছিল। গৌতম গম্ভীর বলেছেন, এমন ধরনের সিদ্ধান্ত কারও কেরিয়ার শেষ করে দিতে পারে। ফলে তৃতীয় আম্পায়ারের আরও দক্ষতা ও সতর্কতাই প্রত্যাশা করা হয়। লোকেশ রাহুল ওই সময় আউট হলে ম্যাচের ফলও অন্যরকম হতেই পারত। পাঞ্জাব কিংসের ফিনিশার শাহরুখ খান আবার জানিয়েছেন, তামিলনাড়ু দলে দীনেশ কার্তিকের তত্ত্বাবধানেই নিজের ব্যাটিংকে তিনি উন্নত করতে পেরেছেন।
"I knew that I needed just one good hit!" @shahrukh_35 on finishing the game with a six 🗣️#SaddaPunjab #IPL2021 #PunjabKings #KKRvPBKS pic.twitter.com/4BggIJVRVd
— Punjab Kings (@PunjabKingsIPL) October 2, 2021












Click it and Unblock the Notifications