ফিলিপ হিউজের স্মৃতি উসকে মাথায় আঘাত লেগে প্রয়াত হলেন বাংলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার
কলকাতা, ২০ এপ্রিল : অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ফিলিপ হিউজের স্মৃতি উসকে প্রয়াত হলে বাংলার অনূর্ধ্ব ১৯ দলের প্রতিভাবান ক্রিকেটার অঙ্কিত কেশরী।
হিউজের মতোই খেলতে গিয়ে মাথায় ও ঘাড়ে চোট লাগে তাঁর। গত শুক্রবার এই ঘটনা ঘটে। এরপর তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে এদিন সকালে সাড়ে আটটা নাগাদ জীবন লড়াইয়ে হার মানেন তিনি। অঙ্কিতের এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রিকেটমহলে।

বাংলা অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক অঙ্কিত ক্লাব স্তরে ইস্টবেঙ্গলের হয়ে খেলতেন। বাংলা সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'ভিশন ২০-২০'-তেও ছিলেন তিনি।
ঘটনা হল, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে ক্লাব স্তরে খেলা চলছিল ভবানীপুর ও ইস্টবেঙ্গলের মধ্যে। সেখানেই খেলার মাঝে ফিল্ডিং করার সময় একটি ক্য়াচ উঠলে অঙ্কিত সেটা ধরার জন্য ছোটেন। অন্যদিকে অঙ্কিতের এক সহ খেলোয়াড়ও পাশ থেকে ওই ক্যাচ ধরতে ছুটে যান। সেইসময় দুজনের ধাক্কা লাগলে অঙ্কিত সঙ্গে সঙ্গে মাঠে পড়ে গিয়ে জ্ঞান হারান। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত তিনদিন ধরে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। অবশেষে আজ সকালে প্রয়াত হন অঙ্কিত।
আজ ক্লাব স্তরে ইস্টবেঙ্গল-কালীঘাট ম্যাচ ছিল। অঙ্কিতের প্রয়াণের খবর পেয়ে সেই ম্য়াচ বাতিল করা হয়েছে। ইস্টবেঙ্গল থেকে শুরু করে সিএবির আধিকারিক, ক্রিকেটাররা সবাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সতীর্থ ক্রিকেটাররা শোকে ভেঙে পড়েছেন।
সিএবি সূত্রে খবর, হাসপাতালের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিএবির তরফে শেষ বিদায় জানানো হবে অঙ্কিতকে। ইস্টবেঙ্গলের তরফেও শেষ শ্রদ্ধা জানানো হবে অকালে প্রয়াত বাংলার এই তরুণ প্রতিভাকে।












Click it and Unblock the Notifications