Virat Kohli: বিরাট কোহলির রঞ্জি প্রত্যাবর্তন, খেলবেন চারেই, এই টুর্নামেন্টে ভারতীয় তারকার ট্র্যাক রেকর্ড কেমন?
Virat Kohli: কাল থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ও রেলওয়েজ। বিরাট কোহলি খেলবেন বলেই এই ম্যাচের আকর্ষণ বেড়ে গিয়েছে।
২০১২ সালের পর এই প্রথম রঞ্জিতে দেখা যাবে কোহলিকে। ম্যাচের লাইভ সম্প্রচারের বন্দোবস্তও করেছে বিসিসিআই।

দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি বলেছেন, আইপিএলে বিরাট কোহলির বিপক্ষে খেলেছি। তবে পরপর দুই ম্যাচে ঋষভ পন্থ ও বিরাট কোহলি থাকা সত্ত্বেও আমি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। কোহলির জন্য নিজের চার নম্বর ব্যাটিং পজিশনও ছেড়ে দিচ্ছেন বাদোনি।
দিল্লির সতীর্থরা বিরাটকে ড্রেসিংরুমে পেয়ে অভিভূত। জন্টি সাধুর জায়গায় একাদশে আসবেন কোহলি। প্রতিপক্ষ রেলওয়েজের অনেকেও কোহলির সঙ্গে সেলফি তুলেছেন। রেলওয়েজ দলে রয়েছেন কর্ণ শর্মা। বিরাট ভারতকে প্রথম যে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, ১১ বছর পর আগে অ্যাডিলেডে সেই টেস্টে অভিষেক হয়েছিল কর্ণের।
কিপার-ব্যাটার উপেন্দ্র যাদব, বিবেক সিং রয়েছেন রেলওয়েজ দলে। বিরাট কোহলির উইকেট নেওয়ার জন্য রেলওয়েজ ভরসা করছে হিমাংশু সাঙ্গওয়ানের উপর। অফ-স্টাম্পের বাইরের বলে কোহলির খোঁচা দেওয়ার অভ্যাসের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাবে রেলওয়েজ।
বাদোনির কথায়, বিরাট ভাইয়া আমাদের বলেছেন পজিটিভ থাকতে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মেলে ধরতে। তবে সব কিছুকেই ছাপিয়ে এই ম্যাচের ইউএসপি যে কিং কোহলিই, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কাঁধে ব্যথা থাকায় কোহলি সৌরাষ্ট্র ম্যাচে খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার আগে নামছেন রঞ্জিতে রেলওয়েজ ম্যাচে।
বিরাট কোহলি আজ অবধি ২৩টি রঞ্জি ম্যাচ খেলেছেন। ১৫৪৭ রান রয়েছে। পাঁচটি শতরান হাঁকিয়েছেন। তবে ২০১১ সালে টেস্ট অভিষেকের পর মাত্র একটিই ঘরোয়া প্রথম শ্রেণির ম্য়াচে দেখা গিয়েছে কোহলিকে।
বিরাট ২০০৬-০৭ মরশুমে ৬টি রঞ্জি ম্যাচে ২৫৭ রান করেছিলেন। ১টি অর্ধশতরান-সহ। সর্বাধিক স্কোর ছিল ৯০। ২০০৭-০৮ মরশুমে রঞ্জিতে ৫ ম্যাচে কোহলি ৩৭৩ রান করেন। ২টি শতরান হাঁকান, সর্বাধিক স্কোর ছিল ১৬৯।
২০০৮-০৯ মরশুমে ৪টি রঞ্জি ম্যাচে ২টি অর্ধশতরান-সহ কোহলি ১৭৪ রান করেন। সর্বাধিক স্কোর ৮৩। ২০০৯-১০ মরশুমে ৩টি রঞ্জি ম্যাচে কোহলি ১টি শতরান-সহ ৩৭৪ রান করেন। সেবার ২টি হাফ সেঞ্চুরিও করেন। সর্বাধিক স্কোর ছিল ১৪৫।
২০১০-১১ মরশুমে কোহলি ৪টি রঞ্জি ম্যাচে ৩৩৯ রান করেন। ২টি শতরান-সহ। সর্বাধিক স্কোর ১৭৩। ২০১২-১৩ মরশুমে ১টি ম্যাচে কোহলি ৫৭ রান করেন, সর্বাধিক স্কোর ছিল ৪৩।












Click it and Unblock the Notifications