IND vs BAN: সচিনের বিশ্বরেকর্ড ভাঙার মুখে কোহলি, ১৪৭ বছর পর হবে বিরাট কীর্তি
IND vs BAN: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে বিরাট কোহলি ভাঙতে চলেছেন একটি বিশ্বরেকর্ড। আপাতত যেটি রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের দোরদোড়ায় রয়েছেন কোহলি। এই মাইলস্টোন স্পর্শ করলেই ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নজির গড়বেন তিনি।

বিরাট কোহলি দলীপ ট্রফিতে খেলছেন না। ভারত জানুয়ারি মাস অবধি ১০টি টেস্ট খেলবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ দুই টেস্টের সিরিজ। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি এবং অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা।
বিরাট বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের দলে রয়েছেন। সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক শতরানের সংখ্যা ১০০। সেই মাইলস্টোন কোহলি স্পর্শ করতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। কোহলি টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। ফলে একদিনের আন্তর্জাতিক ও টেস্টে মোট ২০টি শতরান করলে সচিনের সেই কীর্তি ছুঁতে পারবেন।
ইতিমধ্যেই একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড সচিন তেন্ডুলকরের থেকে ছিনিয়ে নিয়েছেন কোহলি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে মাত্র ৫৮ রান করলেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করতে সচিনের লেগেছিল ৬২৩ ইনিংস। যার মধ্যে ছিল ২২৬টি টেস্ট ইনিংস, ৩৯৬টি ওডিআই ইনিংস এবং ১টি টি২০ আন্তর্জাতিক ইনিংস। ফলে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের দখলে।
বিরাট কোহলি এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯১ ইনিংসে ২৬,৯৪২ রান করেছেন। ফলে আর ৫৮ রান করলেই তিনি পৌঁছে যাবেন ২৭ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে। ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে কেউ ৬০০-র কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করেননি। যা করতে চলেছেন বিরাট কোহলি।
সচিন ছা়ড়াও আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিং ও কুমার সঙ্গকারার ২৭ হাজারের বেশি রান রয়েছে।












Click it and Unblock the Notifications