বিরাট কোহলির ব্যাটে রান নেই, দলে দাপট আছে! টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনা কীভাবে ভেস্তে দিলেন?
বিরাট কোহলি ফর্মে নেই। লাগাতার ব্যর্থ। তবুও তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাঁকে রাখলেন না নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। বিরাটকে আগেই একদিনের দলে রাখা হয়নি। গতকাল টি ২০ সিরিজের ঘোষিত দলেও প্রত্যাশিতভাবে নেই তাঁর নাম।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে বিরাট কোহলি দাপট দেখিয়ে ভেস্তে দিলেন টি ২০ বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের যাবতীয় পরিকল্পনা। সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতের টি ২০ বিশ্বকাপ দল কেমন হবে তার ইঙ্গিত মিলবে ইংল্যান্ড সফর থেকেই। কিন্তু সেটা আর হলো কই? বোর্ডসূত্রে খবর, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা চাইছিলেন অক্টোবরে শুরু হতে চলা বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফর থেকেই পূর্ণশক্তির টি ২০ দল খেলাতে। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আড়ালে বিরাট কোহলির আবদার সেই পরিকল্পনায় জল ঢালল।
বিসিসিআই সূত্রকে উল্লেখ করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাট কোহলিই বারবার বলতে থাকেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না। তবে অগাস্টের শেষে এশিয়া কাপে তিনি খেলবেন। এখন প্রশ্ন হলো, একে বিরাট নিজে ফর্মে নেই। তাঁকে খেলাতে গিয়ে বাদ দিতে হচ্ছে দীপক হুডার মতো ফর্মে থাকা ক্রিকেটারকে, যিনি আইপিএলে ভালো খেলেছেন, আয়ারল্যান্ডে শতরান করেছেন, ইংল্যান্ডেও সেই আগ্রাসী ব্যাটিংই উপহার দিয়েছেন। এমনকী সঞ্জু স্যামসনকেও দলে নেওয়া যাচ্ছে না। আইপিএলে তিনিও ভালো খেলেছেন, আয়ারল্যান্ডে একটি ম্যাচে সুযোগ পেয়েই ঝোড়ো ৭৭ রানের ইনিংস খেলেন। এই পরিস্থিতিতে বোর্ডের সাত কোটির এ প্লাস গ্রেডের বিরাট কোন ক্রিকেটীয় যুক্তিতে যখন তখন বিশ্রাম নিয়ে কোন সিরিজে তিনি খেলবেন তা আগাম জানানোর সাহস পাচ্ছেন? দল নির্বাচনের বিষয়টি তো থাকে নির্বাচকদের হাতে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতের জিম্বাবোয়ে সফর রয়েছে। সেখানে ভারত দ্বিতীয় সারির দল পাঠাবে একদিনের সিরিজ খেলার জন্য। বিরাট সেখানে যাবেন না। ফলে টি ২০ বিশ্বকাপের আগে পড়ে রইল এশিয়া কাপ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি টি ২০। তার উপর ফিট হয়ে দলে ঢুকবেন লোকেশ রাহুল। স্পোর্টস হার্নিয়া অপারেশনের পর দেশে ফিরে তিনি নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের তরতাজা রাখতে বিশ্রাম দেওয়া তবু মানা যায়। কিন্তু যিনি লাগাতার ব্যর্থ, কেন তাঁর আবদারকে এত গুরুত্ব দেওয়া হবে? অফ ফর্মে থাকা বিরাটকে বাদ দেওয়ার সাহস না দেখিয়ে কেন তাঁকে বয়ে বেড়ানো, সেটাই বোধগম্য হচ্ছে না বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications