রোহিত শর্মার ভারত ইন্দোর পৌঁছে গেল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে, দলে আসছে পরিবর্তন
মঙ্গলবার ইন্দোরে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত কয়েকটি পরিবর্তনের পথে হাঁটতে পারে, দেখে নিতে পারে রিজার্ভ বেঞ্চের শক্তি।
হায়দরাবাদ ও রায়পুরে চলতি সিরিজের দুটি একদিনের আন্তর্জাতিক জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে মঙ্গলবার ইন্দোরে তৃতীয় ওডিআই। তাতে ভারতীয় দল রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের পথে হাঁটতে পারে। অবশ্য এই ম্যাচ জিতলে বিশ্বের ১ নম্বর দল হয়ে যাবে ভারত। সেজন্য প্রথম একাদশে বড় রদবদল করা নাও হতে পারে।

ইন্দোরে ৩-০ করার লক্ষ্যে
রায়পুর থেকে আজই ইন্দোরে পৌঁছেছে ভারত ও নিউজিল্যান্ড। কাল অনুশীলন করবে হোলকার স্টেডিয়ামে। এখানে ভারত এখনও অবধি অপরাজেয়। রোহিত শর্মা রায়পুরের ম্য়াচের পর বোলারদের প্রশংসা করে বলেছেন, সিম মুভমেন্ট খুব ভালো হচ্ছে। বিদেশের মাটিতে কার্যকরী অস্ত্র দেশের মাটিতেও প্রয়োগের ব্যাপারে কঠোর পরিশ্রম করছেন বোলাররা। রপ্ত করছেন কৌশল। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ লম্বা স্পেলে বল করতে চাইছেন। কিন্তু আমি তাঁদের মনে করাচ্ছি এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজও রয়েছে।

বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজনকে
রোহিতের এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে, ভারতীয় দল ইন্দোরে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে। কাদের বিশ্রাম দেওয়া হবে তা স্পষ্ট নয়। তবে টেস্ট খেলবেন এমন ক্রিকেটারদের নিয়মরক্ষার ম্য়াচে নামানো নাও হতে পারে। শুভমান গিল, বিরাট কোহলি ও মহম্মদ শামি ইন্দোরে খেলবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। কোহলি অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলবেন না রোহিতের মতোই। ফলে বিরাট ওডিআই ম্যাচে বিশ্রামের পক্ষপাতী নাও হতে পারেন।

বিভিন্ন বিকল্প খোলা
শুভমান গিলকে বিশ্রাম দিয়ে ঈশান কিষাণকে ওপেন করতে পাঠানোর ভাবনাও রয়েছে। রজত পাটীদারকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। শ্রীকার ভরত ওডিআই সিরিজে সুযোগ পাননি। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলেও রয়েছেন। তাঁকেও ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া হতে পারে। কুলদীপ যাদবের জায়গায় যুজবেন্দ্র চাহালকেও প্রথম একাদশে আনা হতে পারে। হার্দিক পাণ্ডিয়া টি ২০ সিরিজে নেতৃত্ব দেবেন। ফলে হার্দিককে ইন্দোরে বিশ্রাম দেওয়ার সুযোগ থাকছে। ওয়াশিংটন সুন্দর ফর্মে আছেন। আবার শাহবাজ আহমেদও প্রথম দুটি ম্যাচে খেলার সুযোগ পাননি। শাহবাজও রঞ্জিতে ভালো ফর্মে। এই পরিস্থিতিতে তিনিও প্রথম একাদশে আসতে পারেন। মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে উমরান মালিককে খেলানোরও জোরালো সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এগারো
ভারতের প্রথম একাদশে থাকতে পারেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া বা রজত পাটীদার, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications