বিরাট ছুঁলেন গাভাসকরকে! পিঠ থেকে নামল ৬০০ কিলোর গরিলা, কোহলির শতরান দেখে মন্তব্য শাস্ত্রীর
বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম টেস্ট শতরান হাঁকিয়ে স্পর্শ করলেন সুনীল গাভাসকরের কীর্তি। তাঁর পিঠ থেকে ৬০০ কিলোর গরিলা নামল বলে মন্তব্য রবি শাস্ত্রীর।
বিরাট কোহলি আমেদাবাদ টেস্টে হাঁকালেন কেরিয়ারের ২৮তম টেস্ট শতরান। যার জন্য তাঁকে অপেক্ষা করতে হলো ৩ বছর ৩ মাস ১৭ দিন। ১২০৪ দিন পর টেস্ট শতরান নিশ্চিতভাবেই স্বস্তি দেবে কোহলিকে। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারতকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন কিং কোহলি। দায়িত্বশীল ইনিংস খেলে।

তিন বছর পর টেস্ট শতরান
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্ট শতরান পেয়েছিলেন। তারপর অর্ধশতরান পেলেও আমেদাবাদ টেস্টের আগে পর্যন্ত ৪১টি ইনিংসে একবারও ৮০ রানও করতে পারেননি। গত বছর কেপ টাউনে ২০১ বলে ৭৯ রান করেছিলেন। তারপর আমেদাবাদেই প্রথমবার হাফ সেঞ্চুরি করে গতকাল অপরাজিত ছিলেন ৫৯ রানে।

অন্যতম মন্থর সেঞ্চুরি
বিরাট গতকাল অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১০৭ বলে। আজ শতরান পূর্ণ করলেন ২৪১ বলে। হাফ সেঞ্চুরি যখন করেন তখন তাঁর নামের পাশে পাঁচটি বাউন্ডারি, শতরান পূর্ণ করার সময়েও তাই। বিরাট তাঁর টেস্ট কেরিয়ারের ২৭তম শতরানটি করতে নিয়েছিলেন ১৪১ ইনিংস। এরপর ২৭ থেকে ২৮ নম্বর টেস্ট শতরানে পৌঁছতে তাঁর লাগল ৪২টি ইনিংস। ২০১২-১৩ মরশুমে নাগপুর টেস্টে বিরাট ২৮৯ বল খেলে শতরান পূর্ণ করেছিলেন। তাঁর এদিনের শতরানটি এসেছে ২৪১ বলে, যা তাঁর টেস্ট কেরিয়ারের অন্যতম মন্থর টেস্ট সেঞ্চুরি।

সেলিব্রেশন উচ্ছ্বাসহীন
বিরাট কোহলি এদিন শতরান পূর্ণ করার সময় খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি। কিন্তু এই শতরান যে তাঁকে কতটা তৃপ্তি দিল তা বোঝা গিয়েছে তাঁর হাবেভাবেই। মুখে দেখা গিয়েছে চেনা হাসি। শতরান পূর্ণ করার পর ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করেন। এরপর হেলমেট খুলে গলায় থাকা লকেটে চুম্বন করেন।

ওয়েডিং রিংয়ে চুম্বন
ওয়েডিং রিং চুম্বনের পর আকাশের দিকেও তাকান কিং কোহলি। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। স্বভাবতই তিনি উচ্ছ্বসিত। তিনি বলে ওঠেন, এই শতরানে বিরাটের পিঠের উপর থেকে ৬০০ কিলোর গরিলা নামল। আজ বিকেলের মধ্যেই ক্রিকেটার হিসেবে তাঁর উচ্চতা আরও কয়েক ইঞ্চি বেড়ে যাবে।

চলতি বছরের তৃতীয় শতরান
বিরাটের শতরান দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। তিন বছর শতরানের খরা কেটেছিল গত ৮ সেপ্টেম্বর। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকান। এরপর ১০ ডিসেম্বর তিনি বাংলাদেশে একদিনের আন্তর্জাতিকে শতরান করেন। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে গুয়াহাটি ম্যাচে ১০ জানুয়ারি ১১৩ রান করেন।। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে ওই সিরিজের শেষ ম্যাচে খেলেন অপরাজিত ১৬৬ রানের ইনিংস। এরপর চলতি বছরে তৃতীয় আন্তর্জাতিক শতরান পেয়ে গেলেন।

গাভাসকরের কীর্তি স্পর্শ
বিরাট ২৮টি টেস্ট শতরানের মধ্যে এই নিয়ে আটটি করলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শতরান পেলেন ১০ বছর পর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ১১টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর। ৩৯টি টেস্টে ৭৪টি ইনিংস লেগেছে মাস্টার ব্লাস্টারের। সুনীল গাভাসকর অজিদের বিরুদ্ধে ২০টি টেস্টের ৩১টি ইনিংসে ৮টি শতরান করেছিলেন। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪তম টেস্ট খেলছেন। ৪২তম ইনিংসে তিনি অষ্টম টেস্ট শতরানটি পেলেন।












Click it and Unblock the Notifications