SL vs NZ: নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি শ্রীলঙ্কার, কতটা চাপ বাড়ল রোহিতদের?
জমজমাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। রবিবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করে টিম ইন্ডিয়া। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে পয়েন্ট তালিকায় ফের বদল। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে। তারফলে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। একইসঙ্গে চাপ বাড়ল ভারত এবং অস্ট্রেলিয়ার।
প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পরে তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। প্রথম দুই স্থানে থাকা দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা আটটি টেস্টের মধ্যে চারটি জিতেছে ও চারটি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৪৮। পয়েন্টের শতাংশ ৫০.০০।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার থেকে তিনে জায়গা করে নিয়েছে দ্বীপরাষ্ট্রের দলটি। চার নম্বরে বর্তমানে আছে নিউজিল্যান্ড।

চার নম্বরে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। ৭ টেস্টের মধ্যে কিউয়িরা তিনটি জিতেছে ও চারটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৪২.৮৬। ইংল্যান্ড আছে পাঁচ এবং বাংলাদেশ আছে ছয় নম্বরে।
এবার আসা যাক শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচের কথায়। নিউজিল্যান্ডকে ৬৩ রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে। ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৪০ রান। টম লাথাম ৭০, কেন উইলিয়ামসন ৫৫, ডারিল মিচেল ৫৭ ও গ্লেন ফিলিপস অপরাজিত ৪৯ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। রবিবারই আট উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। সোমবার ম্যাচ বাঁচানোর জন্য কিউয়িদের একমাত্র আশা ছিলেন রাচিন রবীন্দ্র। চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন তিনি। ৯২ রানে খেলছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তাঁর পক্ষেও ৬৮ রান করা কঠিন ছিল। সেটাই হল। পঞ্চম দিন সকালে নিউজিল্যান্ডের বাকি ২ উইকেট নিতে ২২ বল লাগল শ্রীলঙ্কার। ২১১ রানেই সমাপ্ত হল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
এই টেস্টের মধ্যে গত শনিবার ১ দিনের বিরতি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের কারণে। সেই নির্বাচনে বিক্রমাসিংহেকে হারিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী দলের প্রার্থী কুমারা দিশানায়েকে। স্বাভাবিকভাবেই নতুন প্রেসিডেন্টের সময়ে এটাই শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রথম জয়।












Click it and Unblock the Notifications