জোহানেসবার্গে পরাজয়ের খামতি বিশ্লেষণে দ্রাবিড়-রাহুল! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত কোথায় দাঁড়িয়ে?

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল ভারত। টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে জেতার নিরিখে দক্ষিণ আফ্রিকার এই জয় রইল তৃতীয় স্থানে। কেপ টাউনে সিরিজ নির্ণায়ক টেস্ট। ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারত ২০০৬-০৭ মরশুমে। সেবারও প্রথম টেস্ট জিতেও ডারবান ও কেপ টাউনে হেরে ভারতকে সিরিজ খুইয়ে ফিরতে হয়েছিল। এবার তা যাতে না হয় সে কারণেই জোহানেসবার্গের খামতিগুলি বিশ্লেষণ করছে বিশ্বের ১ নম্বর টেস্ট দল।

রান কম

অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, প্রথম ইনিংসে ৬০-৭০ রান বেশি হলে এই টেস্টে পরাজয় এড়ানো যেত। সুনীল গাভাসকরের কথায়, দুই ইনিংসেই ভারত যদি তিনশো করতে পারতো তাহলেই তা যথেষ্ট হতো। এমনকী দ্বিতীয় ইনিংসেও যদি ৫০-৬০ রানের বেশি লিড পাওয়া যেত তাহলেও ফল অন্যরকম হতে পারতো। এই ছোট ছোট রানের ব্যবধানই বড় আকার ধারণ করে। যদিও কাগিসো রাবাডার বোলিং আর ডিন এলগারের দুরন্ত ব্যাটিংয়েই দক্ষিণ আফ্রিকা জিতেছে। ভারত হেরেছে বলার চেয়েও দক্ষিণ আফ্রিকা জিতেছে, এটাই বলতে চান সানি।

প্রসঙ্গ পন্থ

ঋষভ পন্থের উইকেট ছুড়ে দেওয়ার ধরন দেখে গতকাল গাভাসকরই প্রথম সরব হন। স্টেপ আউট করে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে পন্থ আউট না হলে পূজারা-রাহানে জুটি ভাঙার পর ভারত বড় রান লিড পেতেও পারতো। যদিও আজ গাভাসকর বলেন, পন্থের ওই শট খেলাকেই ভারতের হারের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। দুই ইনিংসেই ভারতের ৩০০ করার লক্ষ্যপূরণ করা উচিত ছিল। রাহুল দ্রাবিড় এদিন খেলা শেষের পর বলেন, পজিটিভ ও আগ্রাসী ব্যাটিং করেই ঋষভ সফল হয়েছেন। তাঁকে সেভাবে ব্যাট করতে বারণ করা হবে না। তবে নিশ্চিতভাবেই তাঁর শট সিলেকশন নিয়ে কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। শটের টাইমিং ঠিক ছিল না। উইকেটে এসে থিতু হওয়াটা আগে জরুরি। ঋষভ পজিটিভ প্লেয়ার, ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। কিন্তু তাঁকে আমরা অন্যরকম খেলতে বলতে পারি না। কিন্তু কখন আক্রমণে যেতে হবে সেই সময়টা সঠিকভাবে বেছে নিতে হবে। তবে শিখতে শিখতেই পন্থ পরিণত হবেন বলে মনে করেন দ্রাবিড়।

ভেজা বল ও প্রোটিয়াদের প্রত্যয়

ভেজা বল ও প্রোটিয়াদের প্রত্যয়

বৃষ্টির পর খেলা শুরু হতেই বল বারবার ভিজে যাচ্ছিল। এতে স্যুইং করানো সম্ভব হয়নি বলে দাবি দ্রাবিড়ের। তবে দক্ষিণ আফ্রিকা যোগ্য দল হিসেবেই জিতেছে বলে মনে করেন ভারতীয় কোচ। বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন মাটি কামড়ে পড়ে থেকে ডিন এলগারের অধিনায়কোচিত অপরাজিত ইনিংসের। এলগারই ম্যাচের সেরা হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দৃঢ়প্রত্যয়েই প্রোটিয়ারা জয় পেয়েছে বলে মনে করেন এই টেস্টের ভারতের অধিনায়কত্ব করা লোকেশ রাহুলও। নিজেদের পারফরম্যান্স আরেকটু উন্নত করতে পারলেই ভারত পরের টেস্ট জিততে পারবে বলে আশাবাদী তিনি। প্রশংসা করেছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুরেরও।

বিরাট এলে কে বাদ?

লোকেশ রাহুল এদিন জানিয়েছেন বিরাট কোহলি ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা কেপ টাউন টেস্ট খেলতে পারবেন। বিরাট নিজেও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। কিন্তু প্রশ্ন তিনি দলে ঢুকলে বাদ পড়বেন কে? সেটা নিশ্চিতভাবেই ক্রমে স্পষ্ট হবে। তবে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের প্রশংসা করে রাহুল বলেন, তাঁরা গ্রেট প্লেয়ার। দেশের হয়ে বছরের পর বছর তাঁরা নিজেদের দায়িত্ব পালন করে আসছেন। আমরা বিশ্বাস করি, তাঁরা আমাদের সেরা মিডল অর্ডার ব্যাটার। জোহানেসবার্গ টেস্টের ইনিংস তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরের টেস্টে তাঁরা আরও ভালো পারফরম্যান্স উপহার দেবেন বলে আশা রাখি। মহম্মদ সিরাজ পরের টেস্টের জন্য ১০০ শতাংশ ফিট থাকবেন কিনা সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে উমেশ যাদব বা ইশান্ত শর্মার মধ্যে কোনও একজনকে কেপ টাউনে দেখা যেতে পারে বলে মনে করেন গাভাসকরও।

নজরে পয়েন্ট তালিকা

ভারতকে হারানোয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রোটিয়ারা একটি জিতেছে, একটিতে হেরেছে, সাফল্যের শতকরা হার ৫০ শতাংশ। ভারত রয়েছে চতুর্থ স্থানে। ৪টি টেস্টে জিতেছে, ২টিতে হেরেছে, ২টি ড্র। পয়েন্ট ৫৩, সাফল্যের হার ৫৫.২১ শতাংশ। কিন্তু স্লো ওভার রেটের কারণে ভারতের তিন পয়েন্ট ইতিমধ্যেই কাটা গিয়েছে। নির্ধারিত সময়ে ওভার কম করায় সবচেয়ে বেশি ১০ পয়েন্ট কাটা গিয়েছে একেবারে নীচে থাকা ইংল্যান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+