লোকেশ রাহুল সরব সমালোচনা প্রসঙ্গে, অস্ট্রেলিয়া সিরিজেই পারফেক্ট হতে কী করছেন?
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে কাল মোহালিতে খেলতে নামছে ভারত। আজ ফ্লাডলাইটে অনুশীলন করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটিংয়ের সমালোচনা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফেক্ট হতে তিনি কী করছেন সে বিষয়ে আলোকপাত করেন ভারতের সহ অধিনায়ক।

রাহুলের লক্ষ্য
বিরাট কোহলি ওপেন করতে নেমে শতরান করেছেন এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে রাহুল হাফ সেঞ্চুরি করেন। কিন্তু এখনও চোট সারিয়ে মাঠে ফেরার পর ধারাবাহিকতা দেখা যায়নি তাঁর ব্যাটে। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছেন টি ২০ বিশ্বকাপে তাঁর ওপেনিং পার্টনার হওয়ার দৌড়ে রাহুলই এগিয়ে, বিরাট তৃতীয় ওপেনারের বিকল্প। ভারতীয় দলের পাওয়ারপ্লে-তে আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশলের সঙ্গে খাপ খাচ্ছে না রাহুলের স্ট্রাইক রেট। যদিও তিনি নিজে এই খামতি মিটিয়ে ফেলতে বদ্ধপরিকর।

স্ট্রাইক রেটে ফোকাস
রাহুলের টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের স্ট্রাইক রেট ৬১ ম্যাচের পর ১৪০-এক উপর থাকলেও এশিয়া কাপে স্ট্রাইক রেট ছিল ১২২.২২। রাহুল বলেন, স্ট্রাইক রেটের ক্ষেত্রে সকলেই উন্নতি ঘটাতে চান। কেউই পারফেক্ট নন। প্রত্যেকেই কোনও না কোনও ক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা চালান। কেউই ধারাবাহিকভাবে একই স্ট্রাইক রেট বজায় রেখে খেলা চালিয়ে যেতে পারেন না। কেউ ২০০ স্ট্রাইক রেট রাখল নাকি ১০০ থেকে ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করায় দল জিতল সেই নিরিখেই বিশ্লেষণ করা উচিত। সামিগ্রিকভাবে দেখলে সব সময় স্ট্রাইক রেট কমই মনে হবে। যদিও আমি এই বিষয়টির দিকে নজর দিয়েছি। গত ১০-১২ মাসে দলের প্রত্যেককেই তাঁদের কী দায়িত্ব তা জানিয়ে দেওয়া হয়েছে। সকলেই জানেন দল কার কাছে কী প্রত্যাশা রাখছে। আমিও ওপেনিং ব্যাটার হিসেবে কীভাবে আরও উন্নত করতে পারি নিজেকে, সেই প্রক্রিয়াই চালিয়ে যাচ্ছি।
|
ড্রেসিংরুমের পরিবেশ
ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশের প্রশংসা এবার শোনা গিয়েছে রাহুলের গলাতেও। রোহিতের ডেপুটি বলেন, দলের কোচ, অধিনায়ক, সতীর্থরা কী প্রত্যাশা রাখছেন সে সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে চান। সব সময়ই সকলে সফল হতে পারেন না। তবে আমাদের ড্রেসিংরুমে এমন পরিবেশ রয়েছে যাতে কেউ ব্যর্থতা বা ভুল নিয়ে ভীত থাকেন না। কেউ ভুল করলেও দলের সকলেই সংশ্লিষ্ট সতীর্থের পাশে থাকেন বলে জানিয়েছেন রাহুল। সমালোচনা সকলেই করেন। কিন্তু ভারতীয় দলে আত্মসমালোচনাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রাহুলের কথায়, আমরা সকলেই দেশের হয়ে খেলি। ফলে খারাপ কিছু হলে তাতে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই।
|
ভুল থেকে শিক্ষা
মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন অস্ট্রেলিয়া সিরিজেই চূড়ান্ত করে ফেলবে ভারত। রাহুলের কথায়, ভারতীয় দল যেভাবে খেলছে তার চেয়েও ভালো খেলার ক্ষমতা রাখে। তিনি বলেন, দক্ষতার নিরিখে বলতে পারি আমাদের ৮০-৮৫ শতাংশ পারফরম্যান্স দেখাতে পেরেছে। কয়েকটি বিষয় চূড়ান্ত করতে হবে। সমস্ত বিভাগে নিখুঁত পারফরম্যান্স মেলে ধরতে পারলেই বড় ধরনের টুর্নামেন্ট জেতা সম্ভব। গত টি ২০ বিশ্বকাপ ও এবারের এশিয়া কাপে আমরা যে ভুলগুলি করেছি তা আলাদা। তবে আমরা সেগুলি চিহ্নিত করেছি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications