লোকেশ রাহুলের ভারতীয় একাদশে জায়গা টলমল, কোন দুই তারকার ব্যাটিং গড় আরও খারাপ?
লোকেশ রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে ইন্দোর টেস্টের দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ভারতের দুই তারকা ব্যাটারের হাল আরও খারাপ, তবুও তাঁদের নিয়ে প্রশ্ন উঠছে না।
লোকেশ রাহুলকে ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতেই ইঙ্গিত ইন্দোর টেস্টে ভারতের একাদশে তাঁর জায়গা হবে না। রাহুলের কী করা উচিত, কী করা উচিত নয়, তা নিয়ে যে পারছেন নানা মন্তব্য করে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই চাপ ও অস্বস্তি বাড়ছে রাহুলের।

রাহুলের ব্যাটিং গড়
কিন্তু পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে রাহুলের ব্যাটিং গড় দুই তারকার চেয়ে ভালো। তবুও তাঁকেই বাদ দেওয়ার দাবি জোরালো! লোকেশ রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টের ৩ ইনিংসে রান করেছেন যথাক্রমে ২০, ১৭ ও ১। এর ফলে ২০২১ থেকে এখনও পর্যন্ত তিনি ১১টি টেস্ট খেলেছেন, ২১ ইনিংসে রান ৬৩৬, গড় ৩০.২৮।

টেস্টে ভারতীয় ব্যাটারদের পরিসংখ্যান
২০২০ বা তার পর থেকে দেখলে ভারতের টেস্ট দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় শ্রেয়স আইয়ার। ২০২১ থেকে তিনি এখনও অবধি ৮টি টেস্টে ১৪ ইনিংসে ৬৪০ রান করেছেন, গড় ৪৯.২৩। ২০২০ থেকে রোহিত শর্মা ১৫টি টেস্ট খেলেছেন, ২৭ ইনিংসে রান ১১৭৯, গড় ৪৭.১৬। ঋষভ পন্থ ২০২০ থেকে ২০২২ অবধি ২২টি টেস্টে ৩৮ ইনিংসে ১৫১৭ রান করেছেন, গড় ৪৩.৩৪। রবীন্দ্র জাদেজা ২০২০ থেকে এখনও অবধি ১৪টি টেস্টে ২২ ইনিংসে ৭৭৫ রান করেছেন, গড় ৪০.৭৮। শুভমান গিল ২০২০ সাল থেকে এখনও অবধি ১৩টি টেস্ট খেলেছেন, ২৫ ইনিংসে ৭৩৬ রান করেছেন, গড় ৩২। এই ক্রিকেটারদের গড় রাহুলের চেয়ে বেশি।

পূজারার পারফরম্যান্স
কিন্তু লোকেশ রাহুলের চেয়েও খারাপ অবস্থা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির। ২০২০ সাল থেকে চলতি বছর অবধি পূজারা ২৫টি টেস্ট খেলেছেন, ৪৭টি ইনিংসে ১৩১২ রান করেছেন। গড় ২৯.৮১। এটা ঠিক, দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ে পূজারা কামব্যাক করেছেন। খেলার ধরনে বদলে এনে দ্রুত রান তুলতেও মনোযোগী হয়েছেন।

সবচেয়ে খারাপ অবস্থা বিরাটের
২০২০ সাল থেকে টেস্টে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিরাট কোহলির। বিরাট ২২টি টেস্ট খেলেছেন এই সময়কালে। ৩৯ ইনিংসে রান করেছেন ৯৯৩, গড় ২৬.১৩। ২০২০ সালে তাঁর টেস্টে ব্যাটিং গড় ছিল ১৯.৩৩, ২০২১ সালে তা হয় ২৮.২১, ২০২২ সালে তা কমে গিয়ে গয় ২৬.৫০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কোহলির ব্যাটিং গড় ২৫.৩৩। ২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে টেস্ট শতরানও আসেনি।












Click it and Unblock the Notifications