শাহবাজের ODI অভিষেক ঘটিয়ে ভারতীয় দলে হতে পারে পরিবর্তন, জিম্বাবোয়ে হোয়াইটওয়াশ বাঁচাতে মরিয়া
হারারেতে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে জিতে সিরিজ জিতে নিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। কাল সিরিজের তৃতীয় তথা ম্যাচ, যা লোকেশ রাহুল, দীপক হুডা কিংবা আবেশ খানের কাছে এশিয়া কাপের আগে শেষ ম্যাচ প্র্যাকটিসের সুযোগও বটে। অন্যদিকে, জিম্বাবোয়ে সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া।

রানে ফিরতে মরিয়া রাহুল
প্রথম দুটি ম্যাচেই সিম সহায়ক কন্ডিশনে ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছিল। দুটি ম্যাচেই ভারত সহজ জয় পেয়েছে। প্রথমটিতে ১৯০ রানের টার্গেট তাড়া করে জয় এসেছিল ১০ উইকেটে। গতকাল ১৬২ রানের লক্ষ্যমাত্রা ভারত পার করে ৫ উইকেট হারিয়ে। যেহেতু সিরিজের ফয়সালা হয়েই গিয়েছে, তাই নিয়মরক্ষার ম্যাচে টস জিতলে লোকেশ রাহুল ব্যাটিংই নিতে পারেন। তাতে পুরো ৫০ ওভার খেলার সুযোগ পাবেন ব্যাটাররা। এশিয়া কাপের আগে ম্যাচ প্র্যাকটিস সেরে নিতে পারবেন লোকেশ রাহুল ও দীপক হুডা। এই দুজন ব্যাটার এশিয়া কাপের দলেও রয়েছেন। রাহুল গতকাল ১ রানের বেশি করতে পারেননি। চোট সারিয়ে মাঠে ফেরার পর এটিই ছিল তাঁর প্রথম ইনিংস। কাল বড় রান করে ছন্দে ফিরতে মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়ক।

ভারতীয় দলে পরিবর্তন
ভারতের প্রথম একাদশে যে কয়েকটি পরিবর্তন হবে তা নিয়ে সংশয় নেই। তবে সেই সংখ্যাটা কত সেটাই মূল বিষয়। প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়া দীপক চাহারকে গতকাল খেলানো হয়নি। তার সঠিক কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, হাল্কা চোট থাকতে পারে। চাহারও চোট সারিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু ফিটনেস যদি এখনও প্রতিবন্ধকতা থাকে তাহলে টি ২০ বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা কমবে। কাল যদি চাহার সফল হন তাহলে আবার টি ২০ বিশ্বকাপের দলে থাকার দাবি জোরালো করতে পারবেন। গতকালের ম্যাচে শার্দুল ঠাকুর তিন উইকেট নিয়েছেন। এই পরিস্থিতিতে চাহারকে খেলাতে প্রসিদ্ধ কৃষ্ণ বা শার্দুলকে বসানো হতে পারে। আবার এশিয়া কাপের আগে যদি আবেশ খানকে খেলানো হয় এবং চাহারও দলে ফেরেন তবে কৃষ্ণ ও শার্দুলের বসার সম্ভাবনা বেশি। কেন না, সিনিয়রদের অনুপস্থিতিতে নতুন বলে ভরসা দিচ্ছেন মহম্মদ সিরাজ। ঈশান কিষাণের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। আবার কিষাণকে রেখে ঋতুরাজকে খেলাতে বসানো হতে পারে ধাওয়ানকেও।

শাহবাজের অভিষেক?
নজর থাকবে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের দিকেও। ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে শাহবাজকে ডেকে নেওয়া হয়েছে। শাহবাজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো খেলার পাশাপাশি রঞ্জি ট্রফিতেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। বাংলা দলে শাহবাজকে কাছ থেকে দেখেছেন জিম্বাবোয়ে সফরে কোচের দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণও। ফলে কাল শাহবাজের আন্তর্জাতিক অভিষেকের ভালোই সম্ভাবনা রয়েছে। কুলদীপ যাদবের জায়গায় তাঁকে খেলানো হতে পারে। আবার দুই বাঁহাতি স্পিনার যদি না খেলানো হয় তাহলে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিয়েও শাহবাজকে দলে নেওয়া হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান বা ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্য়াটেল বা শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর বা দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ বা আবেশ খান, কুলদীপ যাদব।

হোয়াইটওয়াশ এড়াতে মুখিয়ে জিম্বাবোয়ে
বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ ও একদিনের সিরিজ জিতলেও জিম্বাবোয়ে চলতি সিরিজে পুরো ৫০ ওভারই খেলতে পারেনি কোনও ম্যাচে। টপ অর্ডারের ব্যর্থতা ভোগাচ্ছে রেজিস চাকাভার দলকে। ২০১৪ সালে শেষবার জিম্বাবোয়ের ওপেনাররা শতানের পার্টনারশিপ গড়েছিলেন। হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দর রাজা যোগ করেছিলেন ২২৪ রান। ২০২০ সালের পর থেকে ১৪টি ওপেনিং জুটি খেলালেও একটিও শতরানের পার্টনারশিপ আসেনি। এই সময়কালে ওপেনিং জুটিতে ওঠা রানের গড় মাত্র ১৫। কালকের ম্যাচে জিম্বাবোয়ে খেলাতে পারে টনি মুনিওঙ্গাকে। হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবোয়ে কাল সিম সহায়ক কন্ডিশনে টস জিতে বোলিং নিতে চাইবে।
জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ- তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, রেজিস চাকাভা (অধিনায়ক ও উইকেকিপার), ওয়েসলি মাধেভেরে বা টনি মুনিওঙ্গা, সিকান্দর রাজা, সিন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জংউই, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা চিভাঙ্গা












Click it and Unblock the Notifications