লোকেশ রাহুলের দাপুটে সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের দিকে ভারত
স্বপ্নের ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। চোটের কারণে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি। রোহিত শর্মা ছিটকে যাওয়ায় তিনিই প্রোটিয়াদের দেশে ভারতীয় দলের সহ অধিনায়ক। আর প্রথম টেস্ট খেলতে নেমেই হাঁকালেন দুরন্ত শতরান। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে তাঁর সেঞ্চুরিতে ভর করেই ভারত প্রথম ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ২৭২। শতরান করে ক্রিজে রয়েছেন রাহুল, যোগ্য সঙ্গত দিচ্ছেন অজিঙ্ক রাহানে। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৭৩ রান। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকায় শতরান রাহুলের।
|
ফের শতরান রাহুলের
টেস্ট কেরিয়ারের সপ্তম এবং চলতি বছরে দ্বিতীয় টেস্ট শতরান পেলেন লোকেশ রাহুল। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনি দুটি টেস্ট খেলেছিলেন। ২০১৮ সালে সেঞ্চুরিয়নে তিনি আউট হন ১০ ও ৪ রানে। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৬। প্রোটিয়াদের সবচেয়ে বেশি সাফল্য যে মাঠে সেই সুপারস্পোর্ট পার্কেই এদিন দাপুটে শতরান এল রাহুলের ব্যাট থেকে। যা নিশ্চিতভাবেই গোটা টেস্ট সিরিজে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিল অনেকটাই।

বিদেশের মাটিতে ষষ্ঠ টেস্ট শতরান
লোকশ রাহুল সাতটি শতরানের মধ্যে একটিই করেছেন দেশের মাটিতে, বাকি সবগুলি বিদেশের মাটিতে। কেরিয়ারের সর্বাধিক ১৯৯ রানের ইনিংসটি খেলেছিলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৬ সালে কিংস্টনে করেন ১৫৮, ওভালে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ১৪৯, চলতি বছর লর্ডস টেস্টে ১২৯, সিডনিতে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ ও কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫ সালেই খেলেছিলেন ১০৮ রানের ইনিংস। ময়াঙ্ক আগরওয়াল চোট পেয়ে কনকাসনের জন্য ছিটকে যেতেই এবার ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে কামব্যাক করেন রাহুল। তারপর থেকেই রয়েছেন দারুণ ফর্মে।

বড় রানের দিকে ভারত
আজ টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভারতের স্কোর ছিল ৮৩। দ্বিতীয় সেশনের শেষে চা বিরতিতে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫৭। ১২৭ বলে অর্ধশতরান পূর্ণ করার পর রাহুল শতরান পূর্ণ করেন ২১৮ বলে। তখনও অবধি ১৪টি চার ও একটি ছয় মেরেছিলেন তিনি। ময়াঙ্ক আগরওয়াল ৬০ রান করে লুঙ্গি এনগিডির বলে লেগ বিফোর হন। আম্পায়ার মারাইস এরাসমাস আউট না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। বল ট্র্যাকিং টেকনোলজির জন্য কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় বল উইকেটেই লাগছে। ওপেনিং জুটিতে ৪০.২ ওভারে ওঠে ১১৭। যদিও মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নে ফেরেন ময়াঙ্ক। পরের বলেই পূজারা আউট হন শূন্য রানে। বিরাট কোহলি ৩৫ রানের বেশি করতে পারেননি।

ভরসা দিচ্ছেন রাহানেও
বিরাট কোহলি বাজে শট খেলে অর্ধশতরান মাঠে ফেলে এলেও চাপের মুখে ভরসা দিচ্ছেন অজিঙ্ক রাহানে। যিনি আগের দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে ভারতের টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। ডারবানে তাঁর ৯৬ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার মাটিতে সেরা। যেভাবে খেলছেন তাতে প্রোটিয়াদের নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে শতরান পাওয়াও খুব কঠিন হবে না। মুম্বই টেস্টে বাদ পড়েছিলেন। তবে সেঞ্চুরিয়নে শ্রেয়স আইয়ারের জায়গায় রাহানেকে খেলানো হচ্ছে। গত বছর বক্সিং ডে টেস্টে মেলবোর্নে শতরান হাঁকিয়েছিলেন রাহানে। তারপর থেকে শতরান পাননি তিনি। এদিন আটটি চারের সাহায্যে ৮১ বলে ৪০ রানে অপরাজিত রইলেন। লোকেশ রাহুল অপরাজিত রইলেন ২৪৮ বলে ১২২ রান করে। তিনি ১৭টি চার ও একটি ছয় মেরেছেন। ১৭ ওভারে ৪৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি।












Click it and Unblock the Notifications