Ranji Trophy: কোহলি শুধু নন, তারকা ক্রিকেটারদের উপস্থিতি বাড়তে চলেছে রঞ্জি ম্যাচে, দেখুন তালিকা
জাতীয় দলের তারকা ক্রিকেটারদের রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। চোট বা অন্য কোনও সমস্যার জন্য রাজ্য দলের হয়ে একান্ত খেলতে না পারলে সেটা বিসিসিআইকে আগাম জানাতে হবে। বোর্ডের নির্দেশের পরই রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুভমান গিলরা। আগামী ম্যাচে তারকা ক্রিকেটারদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে।
আগামী ৩০ জানুয়ারি থেকে দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামবেন বিরাট কোহলি। ইতিমধ্যেই কোহলি দিল্লি পৌঁছে গিয়েছেন। সম্ভবত সোমবার সন্ধ্যার পরই দিল্লির পক্ষ থেকে দল ঘোষণা করা হবে।কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। তবে শুধু বিরাট কোহলি নন আগামী রঞ্জি ম্যাচে খেলতে দেখা যাবে কেএল রাহুলকেও।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে কর্ণাটকের হয়ে খেলবেন কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বিশ্রামেই আছেন রাহুল, তাঁর ফিটনেস নিয়ে সমস্যা ছিল। কিন্তু এখন পুরো ফিট হয়ে গিয়েছেন রাহুল। ফলে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে নেমে পরতে চলেছেন রাহুল।
কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি রঘুরাম ভাট বলেছেন, আমি এখন বেঙ্গালুরুতে নেই। কিন্ত যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারে রঞ্জি ট্রফির পরের ম্যাচে কর্ণাটক দলের হয়ে উপলব্দ থাকবেন রাহুল। বাংলাকে হারিয়ে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে নামছে হরিয়ানা। রাহুল খেললে হরিয়ানার বিরুদ্ধে শক্তি বৃদ্ধি পাবে কর্ণাটক দলের।
অন্যদিকে, রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে তৈরি আছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি সিরাজের। বুমরাহ একান্তই খেলতে না পারলে দলে জায়গা পেতে পারেন সিরাজ। তাই নিজেরকে প্রস্তুত রাখার কাজটা চালিয়ে যাচ্ছেন তিনি। হায়দরাবাদের হয়ে পরের ম্যাচে তাঁকেও খেলতে দেখা যেতে পারে। তবে পাঞ্জাবের হয়ে পরের ম্যাচে নাও খেলতে পারেন গিল।
এদিকে সৌরাষ্ট্রের হয়ে পরের ম্যাচে খেলতে পারেন জাদেজা। কারণ তাঁকে সৌরাষ্ট্র দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে রিয়ান পরাগ। তবে রোহিত শর্মা এরপর রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত। মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। জন্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন রোহিত।












Click it and Unblock the Notifications