বিপুল খরচে আজ ইডেনে নাইটদের সংবর্ধনা দেবে 'গরিব' রাজ্য সরকার

ইডেন
কলকাতা, ৩ জুন: এক ভরি সোনার আংটি, নীল-সাদা জামা, নীল রঙের কোট-প্যান্ট, সুগন্ধী, আলফোনসো আম, সন্দেশ, দই, উত্তরীয় এবং ফুল! মঙ্গলবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের প্রত্যেককে এগুলি দেওয়া হবে। আর খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত থাকতে পাঁচদিনের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইপিএলে নাইট রাইডার্সরা চ্যাম্পিয়ন হওয়ার পরই রাজ্য সরকার ঘোষণা করেছিল যে, তাদের সংবর্ধনা দেওয়া হবে। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই সংবর্ধনায় অংশ নিচ্ছে সিএবি-ও। আংটির খরচ অবশ্য সিএবি বহন করছে বলে খবর। রাজ্য সরকার খেলোয়াড় পিছু এবার খরচ ধরেছে ২০ হাজার টাকা। পাশাপাশি, যে কলাকুশলীরা এদিন অনুষ্ঠান করবেন, তাঁদেরও টাকা দিতে হবে।

আজ সকাল সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ খানের আসতে দেরি হবে, এই খবর আসার পর সংবর্ধনার অনুষ্ঠান দুপুর একটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটার সময় টলিউডের শিল্পীরা ইডেন গার্ডেনে ঢুকবেন। কিছু নাচ-গান হবে। দুপুর দু'টোয় মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, জুহি চাওলা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে আসবেন। পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে ঋদ্ধিমান সাহাকেও। রাজ্যপাল এম কে নারায়ণনের থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁর কাজ পড়ে যাওয়ায় তিনি আসছেন না।

এদিকে, নাইট রাইডার্সদের সংবর্ধনায় রাজ্য সরকার এত খরচ করায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রথমত, রাজ্য সরকার নিয়মিতভাবে বেতন দিতে পারছে না সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি ইত্যাদি পরিবহণ সংস্থার কর্মীদের। বকেয়া মহার্ঘভাতা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেছেন, টাকা নেই বলে উন্নয়নমূলক অনেক কাজ আটকে যাচ্ছে। অথচ অর্থের অভাব থাকা সত্ত্বেও বিপুল খরচ করে কেন কলকাতা নাইট রাইডার্সদের সংবর্ধনা দেওয়া হচ্ছে? যেখানে একজন বাংলার খেলোয়াড়ও নেই। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে বাগডোগরা থেকে গতকাল রাতে কলকাতায় নিয়ে আসে একটি বিমান। একটি বেসরকারি সংস্থার ওই বিমানটি দিল্লি থেকে এসেছিল বাগডোগরা, সেখান থেকে কলকাতা। তার ভাড়া ঘণ্টায় আড়াই লাখ টাকা! অর্থাৎ দিল্লি থেকে বাগডোগরা হয়ে কলকাতা আসতে যতক্ষণ সময় লেগেছে, সেটা বাবদ মোটা টাকা গুনতে হবে। এখানেই শেষ নয়। বিমানটিতে চেপে মঙ্গলবার বিকেলে আবার উত্তরবঙ্গ চলে যাবেন মুখ্যমন্ত্রী। তাই সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তা রেখে দেওয়া হয় কলকাতা বিমানবন্দরে। এ জন্য ঘণ্টা হিসাবে ভাড়া গুনতে হবে রাজ্য সরকারকে।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, "৩৪টি আসনে জিতেও দিদি বিজয়োৎসব করেননি। কারণ জানতেন, এই জয়ে জল মেশানো আছে। তাই ইডেনে জলসার আয়োজন করে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+