আগামিকাল ফাঁকা মাঠে খেলতে হতে পারে নাইটদের
কলকাতা, ২৯ এপ্রিল : আগামিকাল দেশজোড়া বনধের মাঝেই আইপিএলের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে এমনিতেই চাপে গম্ভীরবাহিনী। অন্যদিকে কালকে ফাঁকা মাঠে খেলতে হতে পারে নাইটদের।
আগামিকাল দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নতুন 'রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি বিল' বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু, আইএনটিইউসি সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হয়েছে। ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপিও।

তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের তরফে আবেদন করা হয় বনধের সময় কমিয়ে দেওয়ার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে বিজেপি তাদের ডাকা বনধের সময় ২ ঘণ্টা কমিয়ে ১০ ঘণ্টা করে দিয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।
অন্যদিকে বামদের তরফে জানানো হয়েছে, কলকাতার খেলা যেহেতু রাত ৮ টায় তাই সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধ হলে সমস্যা হওয়ার কথা নয়। যদিও শ্রমিক সংগঠনগুলিকে ২৪ ঘণ্টার বদলে ১২ ঘণ্টার বনধ করার আবেদন জানিয়েছে বাম কর্তৃপক্ষ।
যদিও পরিস্থিতি যা তাতে সবমিলিয়ে আগামিকাল ম্যাচ দেখতে যাওয়ার স্মৃতি খুব একটা সুখের হবে না নাইট সমর্থকদের।












Click it and Unblock the Notifications