ইডেনে সাইরাইজার্সদের হেলায় উড়িয়ে স্বস্তির জয় নাইটদের
গত কয়েকটা ম্যাচে বৃষ্টি আর ভাগ্যের কাছে কিছুটা যেন অসহায়ভাবেই আত্মসমর্পণ করতে হয়েছিল গম্ভীরবাহিনীকে। আর এদিন সুযোগ পেয়েই ঘরের মাঠে ফের উচ্চস্বরে বেজে উঠল 'করব লড়ব জিতব রে'-র সুর।
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৫ রানের ব্যবধানে হারিয়ে জয় এবং স্বস্তি, দুই-ই ফিরল নাইট শিবিরে। একইসঙ্গে ১১ পয়েন্ট নিয়ে আইপিএল লিগ টেবিলে ফের তৃতীয় স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স।

প্রথমে ব্যাট করে চেনা উইকেটে ভালো শুরু করেন গম্ভীর, উথাপ্পা। একসময়ে মনে হচ্ছিল এবারের মরশুমে প্রথম দু'শোর গণ্ডী ছুঁতে চলেছে কিং খানের টিম। ৬ ওভারে প্রায় ৬০ তুলে ফেলেছিলেন নাইট ওপেনাররা। রবীন উথাপ্পা ৩১ ও গম্ভীর ৩০ রান করে ফেরার পরপরই ছন্দপতন। একশো তোলার পর বেশ কয়েকটি উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে যায়। শেষদিকে ইউসুফ পাঠানের অপরাটিত ৩০ রানে ভর করে ৭ উইকেটে ১৬৭ তোলে নাইটরা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উমেশ যাদবের বিধ্বংসী সুইঙ্গারে ডেভিড ওয়ার্নার ও নমন ওঝা বোল্ড হয়ে ফিরতেই ম্যাচ যেন সেখানেই শেষ হয়ে গিয়েছিল। হায়দ্রাবাদের হয়ে মোয়েস এনরিকেস (৪১ রান) ও করণ শর্মা (৩২ রান) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি। ২০ ওভার খেলে খুড়িয়ে খুড়িয়ে ১৩২ তোলেন শিখর ধাওয়ানরা।
৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে কেকেআরের উমেশ যাদব পান ম্যাচের সেরার পুরস্কার।












Click it and Unblock the Notifications