মেগা নিলামের আগে তৈরি কেকেআর, তবুও এই ক্রিকেটারকে ধরে না রাখতে পারার হতাশা আড়াল করলেন না ম্যাকালাম
মেগা নিলামের আগে তৈরি কেকেআর, তবুও এই ক্রিকেটারকে ধরে না রাখতে পারার হতাশা আড়াল করলেন না ম্যাকালাম
আসন্ন আইপিএল-এর মেগা নিলামের আগে নিজের দলের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ব্রেন্ডান ম্যাকালাম। একই সঙ্গে জানিয়ে দিলেন শুভমন গিল'কে না পাওয়ায় তিনি কতটা অখুশি।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন শুভমন। পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামের আগে এই তরুণ প্রতিভাকে ধরে রাখেনি কেকেআর। এর ফলে আইপিএল-এর নতুন দল আহমেদাবাদ ৮ কোটি টাকায় ড্রাফটিং-এ তৃতীয় ক্রিকেটার হিসেবে গিলকে তুলে নেয়। কেকেআর-এর একটি ভার্চুয়াল সেশনে নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক বলছিলেন, "যখন একাধিক ক্রিকেটারকে হারাতে হচ্ছে, তখন একটা পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। শুভমন গিলকে হারানোটা হতাশাজনক আমার কাছে। এটাই জীবন। আমরা তৈরি হয়েই আসন্ন নিলামে অংশ নেব।"
মোট চার জন ক্রিকেটারকে রিটেন করেছে কেকেআর। যার মধ্যে রয়েছে দুই ক্যারিবিয়ান সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এই চার ক্রিকেটারকে ধরে রাখতে কলকাতা নাইট রাইডার্স ৪২ কোটি টাকা খরচ করেছে। অপর যেই দুই ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে তাঁরা হলেন বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার। রিটেন করা চার ক্রিকেটারের সম্পর্কে ম্যাকালাম বলেছেন, "আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের দক্ষতা, কার্যকারীতা প্রমাণিত। গত দুই মরসুমে আমরা সবাই দেখেছি বরুণ চক্রবর্তী কী করতে পারে, ভেঙ্কটেশ আইয়ার তো আইপিএল ২০২১-এর দ্বিতীয়া পর্বের সম্ভবত সেরা কাহিনি ছিল। আন্দ্রে রাসেলের কোনও ব্যাকআপ খুঁজে পাওয়াটা সহজ কাজ নয় এবং এই কারণেই ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে গুরুত্বপূর্ণ ও। ও যখন নিজের সেরা ছন্দে থাকে তখন একজনের মধ্যে দুই বিশ্বমানের ক্রিকেটারকে দেখতে পাবেন। এই ধরনের ক্রিকেটারদের ব্যাকআপ খুঁজে পাওয়াটা সত্যি চ্যালেঞ্জিং।"
২০১৮ আইপিএল-এ শুভমন গিলকে দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। প্রথম মরসুমে ১৩টি ম্যাচ খেলেছিলেন গিল। গড় ছিল ৩৩.৮৩। ভবিষ্যতের তারকা হিসেবে তাঁকে দেখা হয়েছিল। গত মরসুমে নাইটদের হয়ে ১৭টি ম্যাচ খেললেও সার্বিক ভাবে ফর্মে ছিলেন না তিনি। তবুও ১৭ ম্যাচে ৪৭৮ রান করে দলের কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভমন।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল-এর পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল শুভমনেক সামনে। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন গিল। ৩২.৬২ গড়ে করেছেন ৫৫৮ রান। তিনটি একদিনের ম্যাচেও সুযোগ পেয়েছেন গিল। তিনটি ম্যাচে মোট সংগ্রহ ৪৯ রান।












Click it and Unblock the Notifications