বাংলাদেশে পৌঁছেই করোনা পজিটিভ নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন
বাংলাদেশ পৌঁছানোর দুই দিনের মধ্যে করোনা পজিটিভ হলেন নিউজিল্যান্ড ক্রিকেটার ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে পৌঁছেছে। ঢাকায় এই সিরিজ শুরু হওয়ার কথা পয়লা সেপ্টেম্বর থেকে। তার আগের এদিন নিউজিল্যান্ডের ওপেনার ফিনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

নিউজিল্যান্ড দলের বাংলাদেশে আসার আগেই আর এক সতীর্থ ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোমকে সঙ্গে নিয়ে এসে পৌঁছন ক্রিকেটার ফিন। দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সেখান থেকেই তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান মেডিকেল অফিসার দেবাশিস চৌধুরী নিউজিল্যান্ড দলের প্রধান মেডিকেল অফিসারের সঙ্গে যুক্ত হয়ে ফিনের চিকিৎসায় সাহায্য করছেন।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে ফিনের করোনা টিকা নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর রিপোর্ট পজিটিভ। ফিনের মৃদু উপসর্গ রয়েছে। এই মুহূর্তে তিনি টিম হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন।
নিউজিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহিউজ ফিনের চিকিৎসার দায়িত্ব সামলেছেন। এবং পরপর দুবার রিপোর্ট নেগেটিভ হওয়ার পরই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন এবং খেলতে পারবেন বলে জানিয়েছেন।
কিউয়ি দলের ম্যানেজার মাইক স্যান্ডেল জানিয়েছেন, ফিন যে বিমানে চড়ে এসেছেন তাদের জানানো হয়েছে। একইসঙ্গে ফিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বাকি দল আগামী ২৭ তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে। তার আগে তিন দিন তাদের নিয়মমতো কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম হোটেলে।
বাংলাদেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা কমতির দিকে। বিশেষ করে অগাস্টে করোনা আক্রান্তে ৩৪ শতাংশ ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশে এই মাসে করোনায় মৃত্যু হয়েছে ২৭ শতাংশ কম।
এই প্রসঙ্গে বলতে হয় যে নিউজিল্যান্ডের আরও এক ক্রিকেটার লকি ফার্গুসনও করোনা পজিটিভ হয়েছেন। তবে তিনি ইংল্যান্ডে থাকাকালীন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
ফিন এখনও পর্যন্ত দেশের হয়ে তিনটি টি২০ ম্যাচ খেলে ৮৮ রান করেছেন। সর্বোচ্চ রান ৭১। এছাড়া সর্বমোট তিনি ৩৭টি টি২০ ম্যাচ খেলে ১১৮৯ রান করেছেন। গড় ৩৪.৯৭, ১১টি অর্ধশতরানও করেছেন ফিন। এছাড়া টি২০ ক্রিকেটে ফিনের সর্বোচ্চ রান অপরাজিত ৯২। এই ফর্ম্যাটে তিনি সফল হওয়ার যাবতীয় ক্ষমতা রাখেন বলেই কিউয়ি ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। এখন কবে সুস্থ হয়ে ফিন মাঠে নামতে পারেন সেদিকেই এখন নিউজিল্যান্ড ক্রিকেট দল তাকিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications