ঈশানের ঝোড়ো অর্ধশতরান, ব্যাটে-বলে অবদান হার্দিকের, দুরন্ত বরুণ, টি২০ বিশ্বকাপে নামিবিয়া-বধ ভারতের
চলতি টি২০ বিশ্বকাপে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। আজ দিল্লিতে সূর্যকুমার যাদবরা হারিয়ে দিলেন নামিবিয়াকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বেশ কিছু ইতিবাচক বিষয় আত্মবিশ্বাস বাড়াবে মেন ইন ব্লুর।
নামিবিয়ার বিরুদ্ধে এদিন ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হার্দিক পাণ্ডিয়া।

অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে নামিবিয়া ফিল্ডিং নিয়েছিল। শেষ ১১ বলে ভারত পাঁচ উইকেট খোয়ালেও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে গতবারের চ্যাম্পিয়নরা। অসুস্থ অভিষেক শর্মা এদিন খেলতে পারেননি। ঈশান কিষাণ ওপেন করতে নেমে ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৬১ রান করেন।
চারটি করে চার ও ছয় হাঁকিয়ে ২৮ বলে ৫২ করেন হার্দিক। অভিষেকের জায়গায় সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন ওপেন করতে নেমে ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৮ বলে ২২ রান করেছেন। তিলক বর্মা ২১ বলে ২৫, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ১২, শিবম দুবে ১৬ বলে ২৩, রিঙ্কু সিং ৬ বলে ১, অক্ষর প্যাটেল ১ বলে ০, অর্শদীপ সিং ২ বলে ২ রান করেন। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্তী। জেরার্ড এরাসমাস নেন ২৯ রানের বিনিময়ে চার উইকেট।
জবাবে খেলতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানেই শেষ নামিবিয়া। সর্বাধিক ২৯ করেন ওপেনার লরেন স্টিনক্যাম্প। বরুণ চক্রবর্তী ২ ওভারে ৭ রান দিয়ে তিন উইকেট নেন। হার্দিক ৪ ওভারে ২১ রান খরচ করে পেয়েছেন ২ উইকেট। তিনিই ম্যাচের সেরা। অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৩ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট দখল করেন অর্শদীপ সিং, শিবম দুবে ও জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications