WPL 2023: বিশ্বকাপ ফাইনালে ধোনির ছক্কা বদলায় জীবন! স্পনসরহীন ব্যাটে মাহি-বন্দনায় তুমুল ভাইরাল কিরণ
মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়রজের হয়ে প্রথম অর্ধশতরান কিরণ নবগীরের। তাঁর ব্যাটে ছিল না স্পনসরের লোগো। হাতে লেখা ধোনির নাম ও জার্সির নম্বর।
কিরণ নবগীরে (Kiran Navgire)। মহারাষ্ট্রের এই ব্যাটার ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন ৬টি টি ২০ আন্তর্জাতিক। ৪ ইনিংসে করেছেন ১৭ রান। যদিও মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি হাঁকালেন দুরন্ত অর্ধশতরান। যে ইনিংসের সুবাদে তিনি গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ইউপি ওয়ারিয়রজের জয় নিশ্চিত করার পিছনে অবদানও রাখলেন। এরই মধ্যে ভাইরাল হলো তাঁর ব্যাট।

কিরণের অর্ধশতরান
২৮ বছরের কিরণ নাগাল্যান্ড মহিলা দলের হয়ে খেলেছেন। মহিলাদের টি ২০ চ্যালেঞ্জে খেলেছেন ভেলোসিটির হয়ে। উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) তিনি যে ব্যাটটি নিয়ে খেলতে নেমেছিলেন তাতে ছিল না কোনও স্পনসরের লোগো। জয়ের জন্য ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে ইউপি। দলের প্রাথমিক বিপর্যয় সামলে তিন নম্বরে নেমে তিনি খেলেন ৪৩ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংস। পাঁচটি চার ও ২টি ছয় মেরেছেন।
|
ব্যাটে নেই স্পনসর, আছেন ধোনি
ব্যাটিংয়ের সময়ই ধারাভাষ্যকারদের নজরে পড়ে একটি বিষয়। ব্যাটে স্পনসরের লোগো থাকা না না থাকা কোনও নতুন বিষয় নয়। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে কিরণের ব্যাটে হাত দিয়ে লেখা এমএসডি ০৭ (MSD 07)। বুঝে নিতে অসুবিধা হয়নি এটি মহেন্দ্র সিং ধোনির নাম ও জার্সি নম্বর। মুহূর্তে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু এত ক্রিকেটার থাকতে ব্যাটে তিনি কেন ধোনির নামই নিজের হাতে লিখলেন? পরে জানা যায়, এই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। সে কারণে গুজরাতের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে ধোনির নাম লেখেন ব্যাটে।
|
মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি পুরানো সাক্ষাৎকার। যেখানে তিনি ধোনিকে সকলের সেরা হিসেবে হিসেবে অভিহিত করেছিলেন। সাক্ষাৎকারটিতে কিরণ বলেন, ধোনি স্যরকে ফলো করার আগে থেকে ক্রিকেট সম্পর্কে ধারণাই ছিল না। ২০১১ সালে বিশ্বকাপে কী হয়েছে বা ভারত ফাইনালে উঠেছে কিনা সে বিষয়েও আগ্রহ ছিল না। ছোট ছিলাম, খেলাটা ভালো করে বুঝতাম না। তবে বাড়িতে বিশ্বকাপ ফাইনাল খেলা টিভিতে চলছিল। দাদাকে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, বিশ্বকাপ ফাইনাল হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ধোনি যে ইনিংসটি খেলেছিলেন এবং ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন, সেটা আমাকে আকৃষ্ট করে। তাঁর মতো ছক্কা মারার স্বপ্ন দেখা শুরু করি। যখনই ব্যাট করি, ছক্কা মারলে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।

আপ্লুত ক্রিকেটপ্রেমীরা
আইপিএল অনেক ক্রিকেটারকেই বানিয়েছে তারকা। মহিলাদের প্রিমিয়ার লিগ কি তেমন কিছু পারবে? সেটা বলবে সময়। তবে ইউপি ওয়ারিয়রজ দলের হয়ে কিরণের প্রথম অর্ধশতরানটির প্রশংসা করছেন অনেকেই। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ভক্তের জন্য তাঁর ভগবান কী পদক্ষেপ করেন? মাহির হাত ধরেই কিরণের ব্যাটে স্পনসরের লোগো আসে কিনা সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications