ম্যাচ বয়কট নয়, আরও কড়া পাক-বিরোধী অবস্থান বিসিসিআই-এর! শিলমোহর পড়বে সিওএ বৈঠকে
আইসিসি বিশ্বকাপ ২০১৯ থেকে পাকিস্তান-কে বাদ দেওয়ার জন্য আইসসিকে চাপ দেবে বিসিসিআই।
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর থেকে আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কট করার দাবি ক্রমে বাড়ছে। কিন্তু বিসিসিআই এই ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছিল। কিন্তু এবার জানা গেল, পাক-ম্যাচ বয়কট নয়, বিশ্বকাপ থেকে পাকিস্তানকেই বাদ দেওয়ার জন্য আইসিসি -র উপর চাপ দিতে চলেছে বিসিসিআই।

এই ব্যাপারে বিসিসিআই-এর সিইও রাহুল জোহরিকে ইতিমধ্যেই আইসিসি-কে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কমিটি (সিওএ)-র প্রধান বিনোদ রাই। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে আইসিসি-র বৈঠকে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন জোহরি। সেখানেও এই বিষয়টি নিয়ে আইসিসিকে চাপ দেওয়া হবে বলে খবর রয়েছে। আইসিসি-র একটি সূত্র আগেই জানিয়েছিল আসন্ন বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে।
তবে পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে ভারতের অবস্থান চুড়ান্ত করা হবে প্রশাসনিক কমিটির বৈঠকে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি)-ই সেই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ নিয়েই বিসিসিআই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে ম্যাচ বয়কট না করে বরং পাকিস্তানকে বিশ্বকাপ থেকেই সরিয়ে দেওয়ার জন্য আইসিসিকে চাপ দেওয়ার কথা প্রথম তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান। তিনি জানিয়েছিলেন পাকিস্তান না খেললে আইসিসি-র বিশেষ ক্ষতি হবে নাষ। কিন্তু ভারত না খেললে স্পন্সরশিপ ৬৫-৭০ শতাংশ কমবে। কাজেই ভারত চাপ দিলে আইসিসি-ও মেনে নিতে বাধ্য হবে।












Click it and Unblock the Notifications